ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে ইংরেজি ব্যবহার না করার পরামর্শ দিয়ে নিজেই আধা বাংলা-আধা ইংরেজিতে কথা বললেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তা শুনে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কথা বলার ধরন মনে করিয়ে দিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়া এক জন বললেন, “উনি তো দেখি বাবরের লাইনে কথা বলছেন।”
শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন মিলনায়তনে প্রকৌশলীদের একটি অনুষ্ঠানে তিন জন আলোচক ইংরেজিতে বক্তব্য দিলে তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
নিজের বক্তব্যের শুরুতেই তিনি বলেন, “আমি সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে কি কেউ ফরেনার আছেন? নাকি বাঙালিরা ইংরেজি ছাড়া বোঝেন না?”
“সবাই যখন এখানে বাঙালি, তখন ইংরেজিটা অপ্রয়োজনীয়। প্রধানমন্ত্রীও বাংলায় বক্তব্য দেন। তাহলে আপনারা কেন ইংরেজিতে বক্তব্য দিলেন? নাকি জানি বলেই ইংরেজিতে বলতে হবে,” বক্তাদের উদ্দেশে প্রশ্ন করেন মন্ত্রী।
মন্ত্রীর এই ‘আক্রমণে’ হকচকিয়ে যান আলোচকরা। তবে কোনো উত্তর না দিয়ে চুপচাপ মঞ্চে বসে থাকেন তারা।
যোগাযোগমন্ত্রী এরপর ইংরেজিতে বলেন, “ইউ ক্যান চেইঞ্জ এভরিথিংকস ফর দ্য বেটার, হোয়েন ইউ ক্যান চেইঞ্জ ফর ইওরসেলফ।” সঙ্গে বাংলায় তরজমাও করে দেন তিনি।
এরপর আবার ইংরেজিতে তিনি বলেন, “আমাদের মাইন্ডসেট চেইঞ্জ করতে হবে। রং নিউজ দিয়ে গুড রেজাল্ট পাবেন না। রাইট রেজাল্ট দিয়েই গুড রেজাল্ট পেতে হবে।”
মন্ত্রীর বক্তব্য শুনে মিলনায়তনে উপস্থিত প্রকৌশলীদের মধ্যে গুঞ্জনের সৃষ্টি হয়। অনেককেই হাসিতে ফেটে পড়তে দেখা যায়।
তা দেখে ওবায়দুল কাদের বলেন, “শোনেন, নিজেকে মন্ত্রী ভাবলে দেশ সমৃদ্ধির পথে এগুবে না। নিজেকে কর্মী ভাবতে হবে।”
“এন্ডিং অ্যাট নেক্সট ইলেকশন- এভাবে ভাবলে হবে না। ভাবতে হবে এন্ডিং ফর নেক্সট জেনারেশন,” আবার ইংরেজিতে বলেন তিনি।
ইংরেজিতে বক্তব্য দেওয়ার সমালোচনার পর মন্ত্রীর কথায় ইংরেজির এত ব্যবহার দেখে অনুষ্ঠানে উপস্থিত একজন প্রকৌশলী বলে উঠেন, “উনি তো দেখি বাবরের লাইনে কথা বলছেন।”
তার কথায় সুর মিলিয়ে আরেক জন বলেন, “কারো লাইন-টাইন না, উনি দেখি ‘বাংলিশ’-এ কথা বলছেন।”
লুৎফুজ্জামান বাবর প্রতিমন্ত্রী থাকাকালে তার কথায় ইংরেজির ব্যবহার পুরো দেশেই তখন ছিল আলোচিত। ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার পর তার ‘উই আর লুকিং ফর শত্র“জ’ কথা ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২১০৫ ঘ.
bdnews24