ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় আরো এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাহবুব আকরাম বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের øাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী।
সাভারের আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের ফটক থেকে তাকে আটক করা হয়।
গত রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ‘উপাচার্য মদদপুষ্ট’ বলে পরিচিত ছাত্রলীগকর্মীদের হামলায় গুরুতর আহত হন ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থী জুবায়ের আহমেদ। অতিরিক্ত রক্তক্ষরণে পরদিন ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।
জুবায়ের হত্যার ঘটনায় জড়িত সন্দেহে খন্দকার আশিকুল ইসলাম নামে প্রাণীবিদ্যা বিভাগের ৩৭তম ব্যাচের এক শিক্ষার্থীকে গত সোমবার সকালে আটক করে পুলিশ।
তার স্বীকারোক্তি অনুযায়ী মাহবুবকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি বদরুল।
এ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে তিন ছাত্রলীগকর্মীকে, যারা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী, আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/২২২০ ঘ.
bdnews24