ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে কারাগারে পাঠানোর পরদিন বৃহস্পতিবার রাজধানীতে এক পুলিশ কর্মকর্তাকে মারধর করেছে দলটির কর্মীরা।
এ ঘটনায় চার-পাঁচশ জনকে আসামি করে বৃহস্পতিবারই রাত ১টার দিকে দুটি মামলা করে পুলিশ।
আহত পুলিশ কর্মকর্তা আবুল বাশারকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার বিকেলে একটি মিছিল বের করে দৈনিক বাংলা মোড়ে জামায়াতকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাংচুর করে। ওই গাড়িতে ছিলেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বাশার। এসময় তার সঙ্গে থাকা একটি পিস্তল খোয়া যায়।
মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, খোয়া যাওয়া অস্ত্রটি পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে তিন জামায়াতকর্মীকে আটক করে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক আব্দুল লতিফ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় ছয় জনের নাম উল্লেখসহ চার থেকে পাঁচশ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন- নাকিবুল হাসান, জাফর শেখ, সাইফউদ্দিন, দেলোয়ার হোসেন সাঈদী, আব্দুর রউফ ও মাঈনু।
মামলা দুটির একটি হয় দ্রুত বিচার আইনে, অন্যটিতে আনা হয়েছে পুলিশকে মারধরের অভিযোগ।
মতিঝিল থানার উপপরিদর্শক ফরমান আলী বলেন, মারধরে ওসি তোফাজ্জল, পেট্রোল ইন্সপেক্টর বাশার এবং আরো চার পুলিশ সদস্য আহত হন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে গোলাম আযমের গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর ব্যানারে একটি মিছিল বের হয়।
মিছিলটি দৈনিক বাংলা মোড়ে পৌঁছানোর পর পুলিশের একটি পিকআপ সামনে পড়লে মিছিলকারীর গাড়িটি ভাংচুর শুরু করে।
এসময় তারা গাড়িতে থাকা পুলিশ কর্মকর্তাকে মারধর শুরু করে। আশপাশে থাকা অন্য পুলিশ সদস্যরা এসে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাটিপেটা করে প্রায় আধঘণ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াত-শিবিরের একটি মিছিল আকস্মিকভাবে মতিঝিলের দিলকুশা এলাকা থেকে বের হলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় মতিঝিলে পেট্রোল ইন্সপেক্টর (পিআই) আবুল বাশার গাড়িসহ একটি পিকআপ গাড়িসহ মিছিলকারীদের সামনে পড়ে গেলে জামায়াত-শিবিরকর্মীরা তাকে মারধর করে এবং গাড়ি ভাংচুর করে।”
আহত বাশারকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে ভোরে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখা কার্যালয়ে সাদা পোশাকধারী একদল পুলিশ অভিযান চালিয়ে রেটিনা কোচিং সেন্টারের কিছু বই উদ্ধার করে।
জামায়াত কার্যালয়ের নিরাপত্তাকর্মী আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
দলটির সাবেক আমির গোলাম আযমকে যুদ্ধাপরাধের অভিযোগে বুধবার কারাগারে পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/পিডি/০১১৬ ঘ.
bdnews24