২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়কের বিল তুললেই সংসদে ফিরব: ফারুক

সংসদে ফেরার শর্ত হিসেবে আবারো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের বিল আনার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 10:08 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে ফেরার শর্ত হিসেবে আবারো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের বিল আনার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, “তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিল আনার সিদ্ধান্ত হলে সংসদে বিরোধী দলের ফিরে যাওয়ার পরিবেশ সৃষ্টি হবে। সে ক্ষেত্রে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারি।” আগামী ২৫ জানুয়ারি সংসদের অধিবেশন বসতে যাচ্ছে। তার দুই সপ্তাহ আগে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে ফারুক সংসদে যাওয়ার বিষয়ে দলীয় অবস্থানের কথা জানালেন। দীর্ঘদিন ধরে সংসদ বর্জন করে আসা বিএনপির নেতা ফারুক বলেন, সংসদে বিরোধী দলের মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয় না। স্পিকারও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন না। “যে সংসদে জনগণের সমস্যার কথা বলা যাবে না, সেখানে গিয়ে কী হবে?” বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে তুলতে সরকারি দলকে বলার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বানও জানান বিরোধীদলীয় প্রধান হুইপ। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের উদ্যোগ নিতে হবে। সরকারকে হুঁশিয়ার করে ফারুক বলেন, “আগামী ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ। এর আগেই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে হবে। নইলে যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে।” স্বদেশ জাগরণ পরিষদের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যা ও সাতক্ষীরায় নৃত্যশিল্পী ধর্ষণচেষ্টার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি হয়। দুটি ঘটনায়ই অভিযোগ সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম দোলন, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, ফরিদা ইয়াসমীন, রফিক শিকদার, কেন্দ্রীয় নেতা আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৫৩ ঘ.