ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বঙ্গভবনে এই সংলাপ শুরু হয়।
আওয়ামী লীগের ১৪ সদস্যের প্রতিনিধি দলে আরো রয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুল জলিল, ইউসুফ হোসেন হুমায়ুন, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মহিউদ্দিন খান আলমগীর, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, ওবায়দুল কাদের, মোহাম্মদ নাসিম ও হাছান মাহমুদ।
এছাড়া দলের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশও এ সংলাপের সময় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়াল আহমেদের এই সংলাপে আসার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি বলে দলের পক্ষ থেকে জানানো হয়।
এর আগে বুধবার সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এক বৈঠকে আওয়ামী লীগের মতামতের বিষয়গুলো চূড়ান্ত করা হয়।
বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, “বৃহস্পতিবার আমরা সংলাপে অংশ নিয়ে দলের মতামত তুলে ধরব। সংলাপ শেষ করে আমরা সাংবাদিকদের বিস্তারিত জানাবো।”
এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নতুন কমিশন নিয়োগ দেবেন।
এ নিয়োগের জন্য গত ২২ ডিসেম্বর থেকে ‘সংসদে প্রতিনিধিত্বকারী ও গুরুত্বপূর্ণ’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। এ ধারাবাহিকতায় ১১ দিন সংলাপে অংশ নিয়ে প্রধান বিরোধী দল বিএনপিসহ ২২টি দল তাদের মতামত দিয়েছে রাষ্ট্রপতিকে।
বিএনপি চেয়ারপার্সন প্রধান খালেদা জিয়ার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার রাষ্ট্রপতির সংলাপে যোগ দেয়। তারা রাষ্ট্রপতিকে জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন বিএনপি মেনে নেবে না।
পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “ফলপ্রসূ হবে না জেনেও আমরা সংলাপে অংশ নিয়েছি। উদ্দেশ্য একটাই, নির্বাচন কমিশন পুনর্গঠনের আগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি রাষ্ট্রপতিকে জানানো।”
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে গিয়ে বিএনপি ‘এজেন্ডা বহির্ভূতভাবে’ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ।
বুধবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “রাষ্ট্রপতি সংলাপের জন্য তাদের কাছে যে আমন্ত্রণপত্র পাঠিয়েছে তাতে নির্বাচন কমিশন গঠনে পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনার কথা আমন্ত্রণপত্রে নেই। রাষ্ট্রপতির পত্রের আলোকে মনে হচ্ছে বিএনপি এজেন্ড বহির্ভূত ইস্যু নিয়ে তারা আলোচনা করেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১১০৩ ঘ.
bdnews24