২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুস্থ আছেন গোলাম আযম’

কারা হেফাজতে থাকা গোলাম আযম চিকিৎসককে বলেছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 06:16 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারা হেফাজতে থাকা গোলাম আযম চিকিৎসককে বলেছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে জামিন আবেদন নাকচ করে বুধবার সকালে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কারাগারে তার স্বাস্থ্য পরীক্ষার পর আরো পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। গোলাম আযমের স্বাস্থ্য বিষয়ে বঙ্গবন্ধু মেডিক্যালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক সজল কৃষ্ণ ব্যানার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোলাম আযমের স্বাস্থ্য পরীক্ষা করে হৃদযন্ত্রের কোনো সমস্যা পাওয়া যায়নি। রক্তচাপ একটু বেশি, সেজন্য ওষুধ দেওয়া হয়েছে। তার ইউরোলজির সমস্যা আছে, যা এই বয়সে হয়েই থাকে। তবে সার্বিকভাবে তিনি সুস্থ রয়েছেন।” “আমি তাকে (গোলাম আযম) জিজ্ঞাসা করেছি- কোনো সমস্যা আছে কি না। উত্তরে তিনি বলেছেন, আমি সম্পূর্ণ সুস্থ আছি,” যোগ করেন এই চিকিৎসক। সুস্থ থাকার পরও কেন তাকে হাসপাতালে রাখা হলো জানতে চাইলে সজল কৃষ্ণ বলেন, এটা তার বিষয় নয়। চিকিৎসকদের পরামর্শে গোলাম আযমকে ‘আপাতত’ হাসপাতালের প্রিজন সেলেই রাখা হচ্ছে। বুধবার জামিনের শুনানির শুরুতে অতার আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, “অধ্যাপক গোলাম আযামের বয়স প্রায় ৯০। তার স্বাস্থ্যের অবস্থাও বিশেষ ভালো নয়। এর আগে একই অভিযোগের মামলায় ট্রাইব্যুনাল বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমকেও জামিন দিয়েছে। সুতরাং গোলাম আযমও তা পেতে পারেন।” শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন খারিজ করে গোলাম আযমকে কারাগারে পাঠাতে বলেন। আব্দুর রাজ্জাক কারাগারে তার মক্কেলের জন্য ডিভিশন চাইলে তাও খারিজ হয়ে যায়। এ ব্যাপারে কারা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করার পরামর্শ দেয় ট্রাইব্যুনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এলএইচ/কেটি/জেকে/পিডি/০০১৩ ঘ.