সিলেট, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে সহায়তা করাকে জাতীয় কর্তব্য বলে মনে করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
বুধবার বিকালে সিলেট জেলা আইনজীবী সমিতি নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি যুদ্ধাপরাধীদের বিচারকে কঠিন কাজ বলে উল্লেখ করেন।
এই বিচারে দলীয় রাজনীতি যেন না ঢুকে সেদিকে সবার লক্ষ্য রাখার আহবান জানান খ্যাতিমান এই আইনজীবী।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি জগলুল হায়দার চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট শেখ আখতারুল ইসলাম, মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।
সভায় টিপাইমুখে বাঁধ নির্মাণ নিয়ে বিতর্কে না জড়িয়ে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দু’দেশকে ন্যায়সঙ্গত সমাধানে আসতে হবে মন্তব্য করেন ড. কামাল।
সবার নিরাপত্তার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে ড. কামাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচপি/ডিডি/২০০৮ ঘ.
bdnews24