ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে কারাগারে পাঠানোয় আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
একইসঙ্গে সংগঠনটি তার ‘ফাঁসির’ দাবি জানিয়েছে।
বুধবার সকালে গোলাম আযমের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ প্রেক্ষিতে বিকালে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে নেতা-কর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল করে। ওয়ার্ড থেকে মিছিলগুলো বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়।
এরপর সেখানে গোলাম আযমের কুশপুত্তলিকা দাহ করা হয়।
পরে সেখানে এক সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “দেশের সব মুক্তিযোদ্ধাদের আত্মা আজ শান্তি পেয়েছে। অনেক দিনের দাবি ছিল গোলাম আযমকে গ্রেপ্তার করতে হবে।
“গোলাম আজমের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।”
যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য আন্দোলন করছে এবং বিচার কাজকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদেরও গ্রেপ্তাদের দাবি জানান তিনি।
আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর মধ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওলামা লীগও মিছিলে ছিল।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সমাবেশে সহ-সভাপতি মুকুল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, সহ-দপ্তর সম্পাদক সহিদুল ইসলামও বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৪০ ঘ.
bdnews24