ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যার বিরুদ্ধে একাত্তরে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠন করে ব্যাপক হত্যা ও নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতের ‘গুরু’ হিসেবে পরিচিত ৮৯ বছর বয়সী এই নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর পর চিকিৎসকদের পরামর্শে রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বুধবার সকালে গোলাম আযমের জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরুর জন্য ১৫ ফেব্র“য়ারি দিন ধার্য করেছে আদালত।
আসামি পক্ষের আইনজীবীরা বয়স বিবেচনায় এই আদেশ ‘সঠিক হয়নি’ বলে মন্তব্য করলেও প্রসিকিউটররা বলেছেন, অপরাধের গুরুত্ব বিবেচনা করেই ট্রইব্যুনাল এই আদেশ দিয়েছে।
গত সোমবার যুদ্ধাপরাধের অভিযোগ আমলে নেওয়ার পর সাবেক জামায়াত আমীরকে বুধবার হাজির হওয়ার নির্দেশ দিয়ে ট্রাইব্যুনাল জানায়, ব্যর্থ হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। সে অনুযায়ী বুধবার সকাল ১০টার পর কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে আসেন গোলাম আযম।
বাদামী রঙের পায়জামা-পাঞ্জাবির ওপর স্যুয়েটার ও জিন্নাহ টুপি পরিহিত গোলাম আযমকে ট্রাইব্যুনালের ভেতরে নেওয়া হয় হুইল চেয়ারে বসিয়ে।
সাড়ে ১০টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পরপরই তার জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়। বার্ধক্য ও স্বাস্থ্যগত জটিলতার কথা উল্লেখ করে মঙ্গলবার এই আবেদন জমা দেন গোলাম আযম।
তার আইনজীবী আব্দুর রাজ্জাক শুনানির শুরুতেই বলেন, “অধ্যাপক গোলাম আযামের বয়স প্রায় ৯০। তার স্বাস্থ্যের অবস্থাও বিশেষ ভালো নয়। এর আগে একই অভিযোগের মামলায় ট্রাইব্যুনাল বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমকেও জামিন দিয়েছে। সুতরাং গোলাম আযমও তা পেতে পারেন।”
শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন খারিজ করে গোলাম আযমকে কারাগারে পাঠাতে বলেন। আব্দুর রাজ্জাক কারাগারে তার মক্কেলের জন্য ডিভিশন চাইলে তাও খারিজ হয়ে যায়। এ ব্যাপারে কারা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করার পরামর্শ দেয় ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, ১৫ ফেব্র“য়ারি অভিযোগ গঠনের শুনানির জন্য প্রসিকিউশনকে বৃহস্পতিবারের মধ্যে সব নথিপত্র ও সাক্ষীদের নামের তালিকা জমা দিতে হবে। আর আসামিপক্ষ আগামী রোববারের মধ্যে এসব নথি সংগ্রহ করবে।
এদিকে গোলাম আযমের বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন সকাল থেকেই প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে সমবেত হয় ট্রাইব্যুনাল প্রাঙ্গণের বাইরে। ঘাতক দালাল নির্মূল কমিটি হাইকোর্টের সামনে থেকে ট্রাইব্যুনালের ফটক পর্যন্ত রাস্তায় সকাল ১০টা থেকে মানববন্ধন করে।
এছাড়া সেক্টর কমান্ডার্স ফোরাম ও মুক্তিযোদ্ধা সংসদও আলাদাভাবে মানববন্ধন করে যুদ্ধাপরাধের বিচারের দাবি জানায়। গোলাম আজমকে গ্রেপ্তারের দাবিতে খণ্ড খণ্ড মিছিল চলতে থাকে ট্রাইব্যুনালের বাইরে।
ট্রাইব্যুনালের নিরাপত্তা নিশ্চিত করতে সকালেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হাইকোর্টের ১ নম্বর ফটক ও মাজার গেটে দিয়ে বন্ধ রাখা হয় সাধারণের চলাচল।
কারাগার থেকে হাসপাতাল
আদালতের আদেশের পর দুপুর ১২টার দিকে একটি প্রিজন ভ্যানে করে গোলাম আযমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় আইনজীবীরা তার সঙ্গে বড় আকারের একটি স্যুটকেস দিয়ে দেন।
কারাগারের উপ মহা পরিদর্শক গোলাম হায়দার বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, কারা হেফাজতে নেওয়ার পর চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। আরো পরীক্ষার জন্য গোলাম আযমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন তারা।
একটি অ্যাম্বুলেন্সে করে বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে গোলাম আযমকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে আবারো তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা।
রাত ৮টার দিকে গোলাম হায়দার বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকরা গোলাম আযমকে পরীক্ষা করে ‘আপাতত’ হাসপাতালের প্রিজন সেলে রেখেই চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন।”
এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু মেডিকেলের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক সজল কৃষ্ণ ব্যানার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোলাম আযমের স্বাস্থ্য পরীক্ষা করে হৃদযন্ত্রের কোনো সমস্যা পাওয়া যায়নি। রক্তচাপ একটু বেশি, সেজন্য ওষুধ দেওয়া হয়েছে। তার ইউরোলজির সমস্যা আছে, যা এই বয়সে হয়েই থাকে। তবে সার্বিকভাবে তিনি সুস্থ রয়েছেন।”
“আমি তাকে (গোলাম আযম) জিজ্ঞাসা করেছি- কোনো সমস্যা আছে কি না। উত্তরে তিনি বলেছেন, আমি সম্পূর্ণ সুস্থ আছি”, যোগ করেন এই চিকিৎসক।
সুস্থ থাকার পরও কেন তাকে হাসপাতালে রাখা হলো জানতে চাইলে সজল কৃষ্ণ বলেন, এটা তার বিষয় নয়।
প্রতিক্রিয়া
গোলাম আযমের জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ ‘সঠিক’ হয়নি বলে মন্তব্য করেছেন আসামির আইনজীবী আব্দুর রাজ্জাক।
ট্রাইব্যুনালের আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, “একজন মানুষ যতক্ষণ পর্যন্ত দোষী প্রমাণ না হয়, ততক্ষণ সে আর দশজনের মতোই নির্দোষ।”
তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেছেন, বয়স নয়, অপরাধ বিবেচনায় ট্রাইব্যুনাল গোলাম আযমের জামিন আবেদন খারিজ করেছে।
আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, “৪০ বছর আগে বাংলাদেশে পাকিস্তানী সেনাবাহিনী তাদের সহযোগী রাজাকার, আলবদর বাহিনীর সহায়তায় যে গণহত্যাসহ অন্যান্য মানবতা বিরোধী কাজ করেছিল, তার মাস্টারমাইন্ড ছিলেন গোলাম আজম।”
“জামিন বিবেচনায় বয়স খুব গুরুত্বপূর্ণ নয়। মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক ৯০ বছর বয়সে আদালতে হাজিরা দিয়েছেন”, যোগ করেন তিনি।
আদালতের আদেশের প্রতিক্রিয়ায় ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, “জামিন না মঞ্জুর হওয়ায় আমরা সন্তুষ্ট। তবে গ্রেপ্তারই যথেষ্ট নয়। বিচার যতো দ্রুত সম্ভব শেষ করতে হবে।”
গোলাম আযমকে কারাগারে পাঠানোয় সন্তোষ প্রকাশ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকারের বর্তমান মেয়াদেই উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধাপরাধীদের শাস্তি হবে।
তবে জামায়াতের শরিক দল বিএনপি বলেছে, গোলাম আযমের বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না।
মিছিল-গ্রেপ্তার
দলের সাবেক আমীরকে কারাগারে পাঠানোর আদেশের প্রতিবাদে সকালেই হাইকোর্ট চত্বরে সমাবেশ করে জামায়াতপন্থী আইনজীবী সংগঠন ইসলামিক লইয়ার্স কাউন্সিল। এই আদেশের মাধ্যমে ‘আইন লংঘন’ হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
সমাবেশে ইসলামিক লইয়ার্স কাউন্সিলের জ্যেষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলাম বলেন, “আমরা রাষ্ট্রীয় সন্ত্রাস ও জোর-জুলুমের শিকার।”
জায়ামাতে ইসলামীর কর্মীরা বেলা ১২টার দিকে রাজধানীতে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।
পুলিশের উপ-কমিশনার (মতিঝিল বিভাগ) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মতিঝিল, নাইটিঙ্গেল মোড়, পল্টন, সেগুনবাগিচা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।”
এ সময় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
গোলাম আযমকে গ্রেপ্তারের প্রতিবাদে শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করে চট্টগ্রামেও।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন, গোলাম আযমকে কারা হেফাজতে পাঠানোর পরিপ্রেক্ষিতে যে কোনো অরাজক পরিস্থিতি ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে।
অভিযোগ
গত ১২ ডিসেম্বর প্রথম দফায় ৫২ দফা অভিযোগ উত্থাপন করে গোলাম আযমকে গ্রেপ্তারের আবেদন জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ট্রাইব্যুনালের নির্দেশে তা পুনর্বিন্যস্ত করে ৫ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়।
বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়।
তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে দলকে নেতৃত্ব দেন তিনি।
বাংলাদেশে ফেরার পর দীর্ঘদিন তার নাগরিকত্ব না থাকলেও বিগত বিএনপি সরকারের সময় উচ্চ আদালতের আদেশে নাগরিকত্ব ফিরে পান গোলাম আজম।
তিনি ছাড়াও জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা চলছে। মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এলএইচ/কেটি/জেকে/১৬৩০ ঘ.
bdnews24