২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদার জন্য প্রস্তুত পলোগ্রাউন্ড’

তোরণ, ডিজিটাল ব্যানার ও ডিজিটাল সাইনে সাজানো চট্টগ্রামে চার দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন পলোগ্রাউন্ড মাঠে, যেখানে এক জনসভায় আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 05:00 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তোরণ, ডিজিটাল ব্যানার ও ডিজিটাল সাইনে সাজানো চট্টগ্রামে চার দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন পলোগ্রাউন্ড মাঠে, যেখানে এক জনসভায় আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। ঢাকা থেকে রোববার সকালে রোড মার্চ করে খালেদা জিয়া চট্টগ্রামে পৌঁছান রাত ১১টা ৪০ মিনিটে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এম মনজুর আলম তাকে স্বাগত জানান। এর আগে কুমিল্লায় তিনটি পথসভা ও ফেনিতে একটি জনসভায় বিএনপি চেয়ারপার্সন বলেন, আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাইলে ভুল করবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান সরকারকেই পুনর্বহাল করতে হবে। সোমবার দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে এ রোডমার্চের সর্বশেষ সমাবেশে অংশ নেবেন খালেদা। তিনি বেলা ২টা নাগাদ সমাবশস্থলে হাজির হবেন, তবে সমাবেশ শুরু হবে বেলা ১২টার দিকেই। রোডমার্চ ও সমাবেশ উপলক্ষে নগরীর সড়কগুলোতে বসানো হয়েছে অসংখ্য তোরণ। দুই পাশে বসানো হয়েছে ডিজিটাল ব্যানার ও ডিজিটাল সাইন, যেখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তাদের বড় ছেলে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বিএনপির বিভিন্ন নেতা। সমাবেশের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিএনপি। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন প্রস্তুতি সভার পাশাপাশি জ্যেষ্ঠ নেতারা পৃথকভাবে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থান থেকে দলীয় কর্মীদের আসার বিষয়টি তদারকি করেন। সমন্বিত সভা ছাড়াও চট্টগ্রামের জ্যেষ্ঠ নেতারা তাদের নিজস্ব অনুসারী নেতাদের নিয়ে বৈঠক করেন আলাদা আলাদাভাবে। সমাবেশ উপলক্ষে সোমবার সকাল থেকেই নেতাকর্মীরা পলোগ্রাউন্ড মাঠে সমবেত হতে থাকে। সকাল ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদালয় ছাত্রদল মিছিল করে সমাবেশস্থলে পৌঁছায়। এরপর আসে মহানগর জামায়াতে ইসলামী ও মহানগর ইসলামী ছাত্র শিবিরের মিছিল। এছাড়া বাসে করেও বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার জনসভায় যোগ দিতে আসছেন। নোতারা বলছেন, চট্টগ্রাম বিভাগের সাতটি জেলার কর্মীরা এই সমাবেশে অংশ নেবেন। চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। সমাবশেস্থল, মঞ্চসহ সবকিছুই প্রস্তুত। আমরা এখন অধীর আগ্রহে অপেক্ষায় আছি।” সমাবশে থেকে দলীয় চেয়ারপার্সন আগামী দিনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলেও উল্লেখ করেন তিনি। এদিকে, চট্টগ্রামে খালেদা জিয়ার রোডমার্চ ও মহাসমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে মহানগর পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (নগর বিশেষ শাখা) মেজবাহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবেশস্থল এবং আশেপাশের এলাকায় তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাবেশস্থলে সাতশ এবং আশেপাশে আরও তিনশ পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে নিয়মিত টহল চলবে। সমাবেশ নির্বিঘœ করতে চট্টগ্রামের বিএনপি নেতাদের সঙ্গে পুলিশের নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১০৪০ ঘ.