২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে মস্ত ভুল’

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না জানিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, আগামী জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে করার চেষ্টা হবে ‘মস্ত ভুল’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

কুমিল্লা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না জানিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, আগামী জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে করার চেষ্টা হবে ‘মস্ত ভুল’। চট্টগ্রাম অভিমুখে রোড মার্চের প্রথম দিন রোববার বিকালে চান্দিনার ছয়ঘড়িয়ার তুলাতলি মাঠে দ্বিতীয় পথসভায় তিনি সরকারের প্রতি এই হুঁশিয়ারি দেন। রোড মার্চ করে চট্টগ্রাম যাওয়ার পর সোমবার বন্দর নগরীর পলোগ্রাউন্ড মাঠের জনসভা থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে খালেদা জিয়ার। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে রোববার সকাল ১১টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে চট্টগ্রাম অভিমুখে এই রোড মার্চ শুরু করেন বিএনপি চেয়ারপার্সন। ব্যাপক যানজটের কারণে তার চান্দিনা পৌঁছাতে বেজে যায় দুপুর আড়াইটা। সেখানে মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ মাঠে প্রথম, ছয়ঘড়িয়ার তুলাতলি মাঠে দ্বিতীয়, নিমসার বাজারে তৃতীয় এবং কুমিল্লার পদুয়া বাজারে চতুর্থ পথসভায় তিনি বক্তব্য দেন। এরপর গাড়ি বহর নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হন খালেদা। সেখানে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। চান্দিনার ছয়ঘড়িয়ার তুলাতলি মাঠের পথসভায় উপস্থিত জনতাকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে খালেদা জিয়া বলেন, “নিজেদের অধীনে নির্বাচন করলে আওয়ামী লীগ মস্তবড় ভুল করবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ওই রকম নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশ নেবে না।” সরকারকে এ চেষ্টা থেকে সরে আসারও আহ্বান জানান তিনি। স¤প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন, বিরোধী দল আগামী নির্বাচনে অংশ না নিলে তা হবে একটি রাজনৈতিক ভুল। এর জবাবে খালেদা জিয়া বলেন, “আমরা নই, আপনারা নিজেদের অধীনে নির্বাচন করলে ভুল করবেন। এতে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি হবে। এর জন্য সরকারই দায়ী থাকবে।” বর্তমান সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই বিএনপি ও সমমনা দলগুলো আন্দোলন চালিয়ে আসছে। ওই ব্যবস্থা ফেরানোর দাবিতে গত অক্টোবর মাসে সিলেট ও উত্তরাঞ্চলের চাঁপাই নবাবগঞ্জ এবং নভেম্বরে খুলনা অভিমুখে রোড মার্চ করেন বিএনপি চেয়ারপার্সন। ৬ বিভাগেই রোড মার্চ করার ঘোষণা থাকলেও পরে রংপুর ও বরিশালের কর্মসূচি বাতিল করা হয়। নতুন নির্বাচন কমিশন নিয়োগে রাজনৈতিক দরগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সংলাপের প্রসঙ্গ টেনে তুলাতলির পথসভায় খালেদা জিয়া বলেন, “তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচন কমিশন গঠন করেও সুষ্ঠু নির্বাচন হবে না। তাই এখন যে নির্বাচন কমিশন পূনর্গঠনের কথা বলা হচ্ছে- এটা ভাওতাবাজি। তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারে না।” আগামী ১১ জানুয়ারি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে বিএনপিরও বসার কথা রয়েছে। দেশের বর্তমান অবস্থাকে ‘সঙ্কটজনক’ উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, “দেশের অর্থনীতি ভালো নেই। দ্রব্যমূল্য বেড়েই চলেছে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের দাম পাচ্ছে না। শিক্ষা খরচ ও শিক্ষা উপকরণের দাম বৃদ্ধির ফলে অভিভাবকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।” এ অবস্থা থেকে উত্তরণে জনগণকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। ‘৪১ বছরে আর নয়’ চান্দিনার ছয়ঘড়িয়ার পর পদুয়ার বাজার বাস স্ট্যান্ডের পথসভায় অংশ নেন খালেদা জিয়া। সেখানে কুমিল্লা সিটি করপোরেশনে নবনির্বাচিত মেয়র ও সাবেক বিএনপি নেতা মনিরুল হক সাক্কু বিরোধী দলীয় নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছ জানান। এ নির্বাচনের আগে সাক্কুকে বিএনপি থেকে অব্যহতি দেওয়া হয়। তিনি নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করে জয়ী হন। বিকাল ৪টার দিকে খালেদা জিয়া পদুয়া বাজারের পথসভার মঞ্চে উঠলে কয়েক হাজার নেতা-কর্মী করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। সংক্ষিপ্ত বক্তব্যে সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে তিনি বলেন, “সরকার তিন বছরে দেশের যে অবস্থা সৃষ্টি করেছে, আগামীতে তারা ৪১ বছরেও আর ক্ষমতায় আসতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ ১৯৯৬ সালে জনগণের কাছে হাত জোড় করে মাফ চেয়ে ২১ বছর পর তারা ক্ষমতায় এসেছিলো।” রোড মার্চে মানুষের ঢল দেখে সরকারের ‘মাথা খারাপ হয়ে গেছে’ বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়া অভিযোগ করেন, “আগামী নির্বাচনে সরকার সেনাবাহিনী মোতায়েন করবে না। কারচুপি করে বিজয়ী হতেই তারা এ রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।” সেনা মোতায়েন না করায় নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন বর্জন করে বিএনপি। প্রয়াত জিয়াউর রহমান স্বাধীনতার পর কুমিল্লা সেনা নিবাসে কর্মরত ছিলেন উল্লেখ করে বেগম জিয়া বলেন, “কুমিল্লার জনগণ আমার কাছে অনেক প্রিয়। কারণ এখানে স্বাধীনতার পর অনেক দিন ছিলাম। তাই আগামী নির্বাচন কুমিল্লাবাসী বিএনপির প্রার্থীদের বিজয়ী করবে।” বর্তমান সরকারকে মিথ্যাবাদী ও দুর্নীতিবাজ আখ্যায়িত করে তিনি বলেন, “বিএনপি সংহিসতার পথে নয়, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এই জালেম সরকারের পতন ঘটাবে।” চট্টগ্রামে নতুন কর্মসূচি সকালে পল্টন থেকে রোডমার্চ শুরুর পর খালেদার গাড়িবহর মতিঝিল শাপলা চত্বরের কাছে পৌঁছেই যানজটে পড়ে। কাঁচপুর সেতুর এক পাশে যান চলাচল সকাল থেকে বন্ধ থাকায় ঢাকা-চট্টগ্রাম সড়কে এই যানজটের সৃষ্টি হয়। এতে আটকা পড়ে রোডমার্চের কয়েক হাজার গাড়ি। খালেদা জিয়ার গাড়িকে এই যানজট পার করিয়ে দিতে পুলিশের ব্যাপক বেগ পেতে হয়। বিরোধী দলীয় নেতার গাড়িবহর কাঁচপুর সেতু অতিক্রম করে বেলা পৌনে ১টার দিকে। চান্দিনার মাধাইয়া পর্যন্ত ৫০ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে সাড়ে ৩ ঘণ্টা। এই রোড মার্চ ব্যবস্থাপনা কমিটির আহবায়ক সাদেক হোসেন খোকা সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা থেকে চার হাজার গাড়ির বহর নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। আরামবাগ, ফকিরা পুল, মতিঝিল, হাটখোলা, সায়েদাবাদসহ বিভিন্ন স্থান থেকে এসব গাড়ি চেয়ারপার্সনের বহরের সঙ্গে যুক্ত হবে। সাদা রংয়ের একটি পাজেরো জিপে করে এই রোডমার্চের নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। গাড়িতে তার সঙ্গে আছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। “আশা করছি চট্টগ্রাম গিয়ে এই সংখ্যা দাঁড়াবে ছয় হাজারে”, যোগ করেন তিনি। ঢাকা থেকে চান্দিনা পর্যন্ত আসার পথে সায়েদাবাদ, ডেমরা, শনির আখড়া, কাঁচপুর সেতু, সোনারগাঁও মোড়, মদনপুর, মেঘনা ব্রিজের দুই পাড়, ববের চর, দাউদকান্দি সেতুর দুই পাড়, গৌরীপুর ও ইলিয়টগঞ্জে নেতা-কর্মী-সমর্থকরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতার গাড়িতে ফুল ছিটিয়ে অভিনন্দন জানায়। খালেদা জিয়া হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন। এই রোডমার্চ উপলক্ষে চান্দিনা পর্যন্ত পথে সড়কের দুই পাশে ও সড়কদ্বীপে খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি বসানোর পাশাপাশি শতাধিক তোরণ নির্মাণ করা হয়। বিকেল পৌনে ৩টায় চান্দিনার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ মাঠে প্রথম পথসভায় খালেদা বলেন, “এ সরকার হটানো ছাড়া মানুষের দুর্ভোগের অবসান ঘটবে না। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া চাই।” “আমরা চট্টগ্রামে যাচ্ছি। কাল চট্টগ্রামের জনসভায় আমি বিস্তারিত বলবো”, যোগ করেন তিনি। রোডমার্চ চট্টগ্রাম পৌঁছানোর পর সোমবার বিকালে পলোগ্রাউণ্ড মাঠে সর্বশেষ জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপার্সন। সেখানেই তিনি সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের নতুন কর্মসূচি দেবেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৮০০ ঘ.