২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাকের মৃত্যুতে রাজনীতিতে নতুন বোধোদয়: সুরঞ্জিত

আবদুর রাজ্জাকের মৃত্যু আওয়ামী লীগের রাজনীতিতে নতুন বোধোদয়ের উন্মেষ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 05:15 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবদুর রাজ্জাকের মৃত্যু আওয়ামী লীগের রাজনীতিতে নতুন বোধোদয়ের উন্মেষ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বৃহস্পতিবার বলেন, এ মৃত্যু ষাটের দশকের নায়কদের আবার মনে করিয়ে দিয়েছে। “দলের একাংশ ভেবেছিলেন ষাটের দশকের নায়করা আর নেই। কিন্তু আদর্শবাদী রাজনীতিবিদরা কখনো মরে না। তার মৃত্যুর পর আমরা বুঝতে পারলাম সে জীবিত ছিল, আছে, থাকবে,” বলেন তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রয়াত আব্দুর রাজ্জাক স্মরণে বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত শোকসভায় এ কথা বলেন প্রবীণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত। লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সংসদ সদস্য আব্দুর রাজ্জাক। এ বোধোদয় আওয়ামী লীগের রাজনীতিতে নতুন ভাবনার সঞ্চার করবে আশা প্রকাশ করে সুরঞ্জিত বলেন, “আমাদের এই বোধোদয় ভবিষ্যতে দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।” বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “ষাটের দশক থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে প্রতিটি মাইলফলকে রাজ্জাক যুক্ত ছিলেন। “তিনি এ দেশের মানুষের নেতা, জনগণের নেতা এবং জনগণ তাকে তার প্রাপ্য সম্মান দিয়েছে।” যুদ্ধাপরাধের বিচারের মধ্য দিয়েই তার প্রতি যথাযথ সম্মান দেখানো সম্ভব বলেও মন্তব্য করেন মেনন। সভায় অন্যদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, গণ ঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল প্রয়াত এ নেতার স্মৃতিচারণ করেন। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন পল্টু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/২৩১০ ঘ.