মঈনুল হক চৌধুরী ও শহীদুল ইসলাম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কুমিল্লা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু দাবি করেছেন, তিনি বিজয়ী হতে চলেছেন।
বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার দেড় ঘণ্টার মধ্যে তিনি কান্দিরপাড়ে নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষে ঢোকার সময় সাংবাদিকদের বলেন, “আমি ৫০ শতাংশ ভোট পাবো।”
“আফজল খান যদি ২০ হাজার ভোট পান, আমি পাবো ৫০ হাজার,” বলেন তিনি।
কুমিল্লা সিটি কর্পোরেশনে মোট ভোটার ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন। এর মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের ধারণা।
নিয়ন্ত্রণ কক্ষে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজল খান না থাকলেও তার ছেলে মাসুদ খান রয়েছেন। তিনি ফলাফলের বিষয়ে সাংবাদিকদের বলেন, “এখনো তো ফল ঘোষণা হয়নি। এর আগে আমরা কিছু বলতে চাচ্ছি না।”
বিএনপি থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনী লড়াইয়ে থাকা সাক্কু কয়েকটি কেন্দ্রে এগিয়ে রয়েছেন বলে খবর ইতোমধ্যে নিয়ন্ত্রণ কক্ষে এসেছে।
সন্ধ্যা পৌনে ৬টায় রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন প্রথম ফলাফল ঘোষণা করেন। তাতে দেখা যায়, ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাঁস প্রতীকে সাক্কু পেয়েছেন ১৫৩২ ভোট, আনারস প্রতীকে আফজল পেয়েছেন ৩৯৩ ভোট।
কুমিল্লায় ২৭টি ওয়ার্ডে ৬৫টি ভোট কেন্দ্র রয়েছে। কুমিল্লায় দেশে প্রথমবারের মতো সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করায় অল্প সময়ে মধ্যেই ফল ঘোষণা সম্ভব হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নাগরিক কমিটির প্রার্থী সাক্কু বলেন, “জনগণ আমাকে ঋণী করে ফেলেছে। মৃত্যু পর্যন্ত এই ঋণ আমি শোধ করে যাবো।”
ইভিএমে আপত্তি জানিয়ে আসা বিএনপির নেতা সাক্কু দল থেকে অব্যাহতি নিয়ে এই নির্বাচনে অংশ নেন। দলে পুনরায় ফিরছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমি জনতার রায়ের কথা ম্যাডামকে (খালেদা) জানাবো। আশা করি তিনি আমাকে দলে ফিরিয়ে নেবেন।”
কুমিল্লায় ভোটগ্রহণের সময় কোথাও বড় কোনো গোলযোগ হয়নি। ইভিএমে যান্ত্রিক ত্র“টিরও কোনো খবর পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/এমআই/১৮০০ ঘ.
bdnews24