ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিককে মারধরের ঘটনাটি সাজানো বলে দাবি করেছেন সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। তবে ওই ঘটনার জন্য দুঃখও প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার মনিপুর স্কুলে আরটিভির এক সাংবাদিককে মারধরের অভিযোগ ওঠে সরকারদলীয় এই সংসদ সদস্যের বিরুদ্ধে। ওই ঘটনা নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
কামাল মজুমদার বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা ও সাজানো। আমি তাদের মারিনি। রাগের মাথায় হাত দিয়ে শুধু বুম ও ক্যামেরা সরিয়ে দিয়েছি।”
এনিয়ে প্রকাশিত সংবাদকে তথ্যসন্ত্রাস বলে দাবি করেন বেরসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির মালিক কামাল মজুমদার, তিনি মনিপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদেরও চেয়ারম্যান।
মনিপুর বিদ্যালয়ের শেওড়াপাড়া শাখা মিলনায়তনে সংবাদ সম্মেলনে কামাল মজুমদার বলেন, “এরপরও অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত এ ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সাংবাদিকদের সঙ্গে এ ধরনের ঘটনার জন্য আমরা দুঃখিত।”
ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ওঠায় তা নিয়ে প্রতিবেদন তৈরি করতে মনিপুরে বিদ্যালয়টির মূল ক্যাম্পাসে গিয়েছিলেন আরটিভির ওই সাংবাদিক। তখন এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে কামাল মজুমদার প্রতিবেদকের ওপর চড়াও হন, যা বিভিন্ন টেলিভিশনে প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়।
ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে কামাল মজুমদার বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই বাড়তি টাকা নেওয়া হয়, যা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে।
অতিরিক্ত অর্থ নেওয়ার পেছনে যুক্তি দেখিয়ে তিনি বলেন, “মূল কেন্দ্রসহ বিদ্যালয়টির বর্তমানে চারটি শাখা রয়েছে। এর মধ্যে মাত্র একটি এমপিওভুক্ত। পাঁচটি কেন্দ্রের মোট ৬৫০ জন শিক্ষকের মধ্যে সরকারি মাসিক বেতনভুক্ত (এমপিও) শিক্ষক মাত্র ১০১ জন। বাকি সব শিক্ষকের বেতন দেওয়া হয় বিদ্যালয়ের তহবিল ও আয় থেকে।”
সংবাদ সম্মেলনে মনিপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন এবং পরিচালনা পর্ষদের সদস্য এ কে এম দেলোয়ার হোসেন, মাহমুদুর রহমান ও সুলতানা সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “অবাধ তথ্য প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র ও সুশাসনের পূর্বশর্ত। অথচ, মনিপুর স্কুলের দুর্নীতির অভিযোগ বিষয়ক প্রতিবেদন তৈরিতে বাধা প্রদান এবং সাবাদিকের ওপর হামলা করে সংসদ সদস্য গণতান্ত্রিক চর্চার সম্পূর্ণ বিপরীতমুখী আচরণ করেছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএসটি/এএইচ/২১৪৫ ঘ.
bdnews24