২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ছাত্রলীগের তিন ভাগে অনুষ্ঠান

তিন ভাগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 10:57 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন ভাগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। নগর আওয়ামী লীগে বিভক্তির ছাপ রেখেই এর সহযোগী সংগঠন ছাত্রলীগ সংগঠনের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার আলাদাভাবে শোভাযাত্রা ও সমাবেশ করে এবং কেক কাটে। সকাল থেকে দুপুর পর্যন্ত নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা দারুল ফজল মার্কেটে সংগঠনের কার্যালয়ে, নগর নেতা আ জ ম নাছির উদ্দিনের অনুসারীরা জে এম সেন হলে এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীনের অনুসারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করে। তিন পক্ষই চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ব্যানারে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেছে। মহিউদ্দিনের অনুসারী ছাত্রলীগ নেতারা দারুল ফজল মার্কেটে কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে দিনের কর্মসূচি শুরু করে। কার্যালয়ে কেক কাটার পর নগরীতে শোভাযাত্রা বের করে। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন মহিউদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন প্রমুখ। আ জ ম নাছিরের অনুসারীরা নগরীর জে এম সেন হলে নগর ছাত্রলীগের ব্যানারে কেক কেটে ও বেলুন উড়িয়ে কর্মসূচি শুরু করে। এতে আ জ ম নাছির ছাড়াও সাবেক সংসদ সদস্য ইসহাক মিয়া, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নগর ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত অংশ নেন। মন্ত্রী আফসারুল আমীনের অনুসারীরা সকালে শহীদ মিনার চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে। এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল। এতে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এস এম আলম, সহ-সভাপতি জাবেদুল আলম মাসুদ, তারেক হায়দার, মইনুল হক লিমন প্রমুখ। তারা শহীদ মিনার চত্বরে কেক কাটার পর একটি শোভাযাত্রাও বের করে। তিনপক্ষের সমাবেশেই বক্তারা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চাত্র সংগঠনের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। গত সংসদ নির্বাচনের পর থেকে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসারুল আমীন এবং সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি’র দূরত্ব তৈরি হয়। এর প্রভাব পড়ে ছাত্রলীগেও। অনেক আগে আ জ ম নাছিরের সঙ্গে মহিউদ্দিনের বিরোধ থাকলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পর তা মিটে যায়। তবে তাদের অনুসারী ছাত্রলীগকর্মীরা যে এখনো এক হতে পারেনি, তা বুধবার স্পষ্ট হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৬৫৫ ঘ.