২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক ফেরত আনুন, অশান্তি থাকবে না: ফখরুল

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল দেশকে রাজনৈতিক সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে দাবি করে এ থেকে উত্তরণে নির্বাচনকালীন অর্ন্তর্বতীকালীন এই ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল দেশকে রাজনৈতিক সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে দাবি করে এ থেকে উত্তরণে নির্বাচনকালীন অর্ন্তর্বতীকালীন এই ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সোমবার এক বিক্ষোভ সমাবেশে বলেছেন, “তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন কেবল বিএনপির দাবি নয়, এটা জনদাবিতে পরিণত হয়েছে। আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। “সরকারকে বলবো, যে সমস্যার সৃষ্টি আপনারা করেছেন, তা নিরসনে জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল নিয়ে আসুন। তাহলে দেশে আর কোনো অশান্তি থাকবে না।” আদালতের রায়ের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গত বছর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হয়। ফলে আগামী নির্বাচন নির্বাচিত সরকারের অধীনে হবে। বিএনপি বলে আসছে, অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাবে না তারা। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে যোগ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির যৌক্তিকতা তুলে ধরা হবে বলে জানান ফখরুল। “এই সমাধান সরকারকে সংসদের মাধ্যমে করতে হবে,” বলেন তিনি। জ্বালানি তেল এবং বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে নয়া পল্টনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে ফখরুল সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেন। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে সরকারি দলকে হুঁশিয়ার করে তিনি বলেন, “এরশাদ সাহেবকে গৃহপালিত বিরোধী দল বানিয়ে নির্বাচন করার পাঁয়তারা করছে সরকার। এভাবে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। অতীতে এরশাদ গৃহপালিত বিরোধী দল বানিয়ে নিজেও ক্ষমতায় থাকতে পারেনি।” ১৮ মার্চ ঢাকাসহ বিভিন্ন স্থানে বোমাবাজির জন্য সরকারে দায়ী করেন বিএনপি নেতা। এ জন্য বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়রানিমূলক বলেও দাবি করেন তিনি। হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরও বিচারিক আদালতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ১৭ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি তুলে ধরে ফখরুল বলেন, “এর উদ্দেশ্য একটাই, আমাদের রোড মার্চ ও শান্তিপূর্ণ আন্দোলন ব্যাহত করা।” জ্বালানি তেলের দাম বাড়ানোয় সীমিত আয়ের মানুষ দুর্ভোগে পড়েছে জানিয়ে এই জন্য সরকারের ‘ভ্রান্ত’ নীীতকে দায়ী করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যাট স্থাপনে ব্যাপক দুর্নীতি এবং এই খাতে সরকারের বিশাল অঙ্কের ভর্তুকির ভার জনগণের ওপর চাপানো হচ্ছে। যুদ্ধপরাধীর বিচারের বিষয়ে ফখরুল বলেন, “যখনই জনগণের সমস্যার কথা বিরোধী দল বলে, তখন সরকার যুদ্ধাপরাধীর বিচারের জুজুর ভয় দেখায়।” মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি চেয়ে এলেও বিএনপি একাত্তরের যুদ্ধাপরাধের বিচার চায় দাবি করে ফখরুল বলেন, “এই বিচার হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের। যাতে এই নিয়ে কখনো কেউ প্রশ্ন তুলতে না পারে।” আব্দুস সালামের সভাপতিত্বে নয়া পল্টনের সমাবেশে বক্তব্য রাখেন আমানউল্লাহ আমান, জাফরুল হাসান, জয়নুল আবদিন ফারুক, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবীর খোকন, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম আজাদ, শিরিন সুলতানা, শফিউল বারী বাবু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৪৫ ঘ.