ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ১৮ ডিসেম্বরের বোমাবাজি ও গাড়ি পোড়ানোর একটি মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলসহ ১৭ জনকে গ্রেপ্তার ও মালামাল জব্দে পরোয়ানা জারির আদেশ দিয়ে কয়েক ঘণ্টার মধ্যে তা স্থগিত করেছে ঢাকার একটি আদালত।
পল্টন থানায় দ্রুত বিচার আইনের এই মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান সোমবার সকালে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
তখন আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে বলেছিলেন, এই ১৭ জনের সবাই হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।
আদালত হাইকোর্টের আদেশের সত্যায়িত অনুলিপি চাইলে আসামি পক্ষের আইনজীবীরা তখন তা দেখাতে পারেননি। তখন বিচারক গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল জব্দের (ক্রোকি) বিষয়ে ১১ জানুয়ারি পুলিশকে প্রতিবেদন দিতে বলেন।
আসামি পক্ষের আইনজীবীরা দুপুরে পুনরায় একই আদালতে গিয়ে হাইকোর্টে জামিনের কথাটি তুলে ধরেন। হাইকোর্টে আসামি পক্ষের আইনজীবী জয়নাল আবেদীনের সহকারী আইনজীবী সাগির আহমেদ এ সংক্রান্ত আইনজীবী সনদ দাখিল করলে হাকিম শাহরিয়ার খান আগের আদেশ স্থগিত করেন বলে সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
গত ১৮ ডিসেম্বর রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশের আগে পুলিশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে বের করে দিলে বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণ এবং যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঢাকায় বোমা বিস্ফোরণে একজন এবং সিলেটে বাসে অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হন।
সেদিনের ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা হয়। এর মধ্যে পল্টন থানার উপ পরিদর্শক মো. মহসীন উদ্দিন ওই দিনই গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৫৬ জনকে আসামি করে একটি মামলা করেন। এর ১১ দিনের মাথায় ২৯ ডিসেম্বর অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোক্তার হোসেন।
আরো যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও পরে স্থগিত হয়েছে, তারা হলেন- যুবদল সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব, জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদল সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম আলীম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, ছাত্রদল নেতা আনোয়ারুল হক রাসেল, যুবদল নেতা আ ক ম মোজাম্মেল হক, এস এম জিলানী, রফিকুল ইসলাম মজনু, হামিদুর রহমান, মামুন হাসান, এস এম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের নেতা তানভীর আদিল খান বাবু ও লোকমান হোসেন ফকির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমআই/১৭০৩ ঘ.
bdnews24