ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে সংশয় প্রকাশ করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের পরামর্শ দিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
নতুন নির্বাচন কমিশন গঠনে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রোববার বঙ্গভবনে গণফোরামের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে সংবিধান অনুযায়ী আইন করার প্রস্তাব দিয়েছে ড. কামাল নেতৃত্বাধীন এই দল।
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে ড. কামাল সাংবাদিকদের জানান, তার দল রাষ্ট্রপতির কাছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের প্রস্তাব তুলে ধরেছে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ায় এখন নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে। প্রধান বিরোধী দল বিএনপি অর্ন্তর্বতীকালীন সরকার পদ্ধতি বহালে আন্দোলন করছে।
ড. কামাল বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন আর বিএনপির একার নয়: পুরো জাতির দাবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা। আমরা অতীত অভিজ্ঞতায় দেখেছি, শুধু দলীয় সরকার এককভাবে এটা (সুষ্ঠু নির্বাচন) নিশ্চিত করতে পারে না। এ জন্যে নির্বাচন কমিশনের প্রয়োজন রয়েছে। তবে ইসিও এককভাবে তা পারে না, যদি তত্ত্বাবধায়ক সরকার [না থাকে]।”
উচ্চ আদালত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের পরপরই সংবিধান সংশোধন করে ওই সংশোধনীর ফল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড. কামাল বলেন, “আদালতের পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ হয়নি। তবে রায়ে দুই মেয়াদে তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার মত রয়েছে।”
নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে গণফোরাম সভাপতি বলেন, তিন ভাবে ইসি গঠন করা যেতে পারে। রাষ্ট্রপতি যাকে ইচ্ছে তাকে দিতে পারেন, সার্চ কমিটি গঠন করতে পারেন অথবা সবার কাছে কিছু নাম নিয়ে তাদের মধ্য থেকে দিতে পারেন।
বর্তমান ইসি পুনর্বহালের পক্ষে মত রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমাদের কাছে নাম চাইলে আমরা নাম দবো।”
গণফোরামের পর মিছবাহুর রহমান নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের একটি প্রতিনিধি দল সংলাপে বসে রাষ্ট্রপতির সঙ্গে।
মিছবাহুর রহমান সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপির পছন্দের তালিকা থেকে দুই জন করে চার জন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া যায়। রাষ্ট্রপতি নিজের পছন্দের একজনকে সিইসি নিয়োগ দেবেন।
“রাষ্ট্রপতিকে আমরা বলেছি- এভাবে ইসি গঠন হলে ভারসাম্য থাকবে,” বলেন তিনি।
গত ২২ ডিসেম্বর থেকে ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়। এ পর্যন্ত রাষ্ট্রপতি জাতীয় পার্টি, জাসদ, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, জেপি, এলডিপি, ইসলামিক ফ্রন্ট, সিপিবি, সাম্যবাদী দলের মতামত নিয়েছেন রাষ্ট্রপতি।
বিএনপির সঙ্গে ১১ জানুয়ারি ও আওয়ামী লীগের সঙ্গে ১২ জানুয়ারি সংলাপ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৩৫৬ ঘ.
bdnews24