২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ মেধাহীনদের নিয়ন্ত্রণে, বললেন মাহমুদুর মান্না

দেশে রাজনীতি এক প্রকার খেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে রাজনীতি এক প্রকার খেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার বিকালে নগরীর ডিসি হিল চত্বরে 'প্রীতিলতা ওয়াদ্দাদার ও বেগম সুফিয়া কামালের জন্ম শতবার্ষিকী উদ্যাপন' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মান্না বলেন, "আমাদের দেশে রাজনীতি এখন খেলায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ-বিএনপি এখন ট্রাম্পকার্ডের রাজনীতি করছে। রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে। তাদের শত্র" বলে হেয় করলে রাজনীতি কখনো এগোবে না।" বাংলাদেশকে কিছু 'মেধাহীন ও বুদ্ধিহীন' লোক নিয়ন্ত্রণ করছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের এই নেতা বলেন, "সমাজকে এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য প্রীতিলতা ও সুফিয়া কামালের মত মহীয়সী নারীর প্রয়োজন সবচেয়ে বেশি।" "প্রীতিলতা ও সুফিয়া কামালের মতো জীবন দেওয়ার কথা এখন কেউ ভাবেন না। সবারই লক্ষ্য ক্ষমতায় যাওয়া", যোগ করেন তিনি। সমাজ সমীক্ষা সংঘ এ আলোচনা সভার আয়োজন করে। সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাবেরী গায়েন বক্তব্য রাখেন। এর আগে বিকাল ৪টায় জন্ম শতবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদজায়া বেগম মুশতারী শফি। সুলতানা কামাল বলেন, নারী মুক্তির আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। সংগ্রাম করতে হবে একটি স্বাভাবিক, সহজ, সুন্দর দেশ গঠনের জন্য। এ ক্ষেত্রে আমাদের প্রীতিলতা ও সুফিয়া কামালের কাছে বারে বারে ফিরে যেতে হবে। বক্তারা নগরীর পাহাড়তলীস্থ ইউরোপিয়ান ক্লাবকে 'চট্টগ্রাম যুব বিদ্রোহের জাদুঘর' ও প্রীতিলতার আত্মাহুতির স্থানে ভাস্কর্য স্থাপনের দাবি জানান। আলোচনা শেষে সংগীত, নাটক ও আবৃত্তি পরিবেশন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২১০৪ ঘ.