ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর দুটি মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামসহ ২৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
রমনা থানার উপপরিদর্শক জাফর আলী ও পল্টন থানার উপপরিদশক রফিকুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
দ্রুত বিচার আইনের এ দুটি মামলার মধ্যে রমনা থানার মামলায় ১২০ জনকে আসামি করা হয়েছে। আর পল্টন থানার মালায় আসামি দেখানো হয়েছে ২০০ জনকে। এটিএম আজহারসহ ৮০ জনকে দুই মামলাতেই আসামি করা হয়েছে।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শেখ ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগপত্র রোববার বিচারকের সামনে উপস্থাপন করা হবে।
অন্য একটি মামলার রিমান্ডের আবেদেনের শুনানিতে বৃহস্পতিবার এটিএম আজহারুল ইসলামকে ডাণ্ডাবেড়ি পরিয়ে মুখ্য মহানগর হাকিম আদলতে উপস্থিত করা হয়।
গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইল ও বিজয়নগরে পুলিশের সঙ্গে জামায়াত ও শিবির কর্মীদের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১৫টি বাহনে আগুন এবং ২৫টি গাড়ি ভাংচুর হয়।
এ ঘটনায় জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাসহ কয়েক শ' লোককে আসামি করে রমনা থানায় ছয়টি এবং পল্টন থানায় দুটি মামলা হয়।
ওই সংঘর্ষের পরপরই এ টি এম আজহারুল ও জামায়াতের প্রচার সম্পাদক তাসনীম আলমসহ তিন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। সারাদেশে জামায়াতের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় পরের কয়েকদিনে।
দ্রুত বিচার আইনে করা এ সব মামলায় জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক তাসনীম আলম, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর আমির রফিকুল ইসলামকেও আসামি করা হয়। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
ফৌজদারি মামলার অভিজ্ঞ আইনজীবী আমিনুল গণী টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগ প্রমাণিত হলে এ ধরনের মামলায় আসামিদের দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২২৪০ ঘ.
bdnews24