ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছে দেশপ্রেমিক গণতান্ত্রিক জোট (পিডিএফ)।
ন্যাশনাল সিকিউরিটি পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী ন্যাপ), বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, জনতা পার্টি এবং ন্যাশনাল কংগ্রেসসহ ছয় দলের এই জোট বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি মোয়াজ্জেম হোসেন খান বলেন, চলমান বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে সংশয় ও অবিশ্বাস দেখা দিয়েছে। এ ছাড়া যুদ্ধাপরাধীরা যেভাবে মাঠ গরম করছে তাতে জনমনে আতঙ্ক ও শঙ্কা বাড়ছে। এ অবস্থায় সরকারকে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করতে হবে।
বাজারে 'কৃত্রিম সংকট' সৃষ্টির জন্য গুদামজাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
এ সময় পিডিএফ এর সমন্বয়কারী আবুল কালাম আজাদ, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি হান্নান মোল্লা পলাশ, ন্যাশনাল কংগ্রেসের সভাপতি আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৯৪৫ ঘ.
bdnews24