ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুফতি হান্নানকে হত্যার হুমকি দিয়ে 'তার মুখে নাম এনে' তারেক রহমানকে ২১ অগাস্ট মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবির পক্ষে মুফতি হান্নানের জবানবন্দি প্রত্যাহারের আবেদন তুলে ধরেন। ফখরুল বলেন, ওই মামলার সম্পূরক অভিযোগপত্র 'মিথ্যা'।
২০০৪ সালে ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় এ বছর তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, হারিছ চৌধুরীসহ ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি।
বিএনপি বলে আসছে, ষড়যন্ত্র করে এ মামলায় খালেদা জিয়ার ছেলেকে জড়ানো হয়েছে।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন।
তিনি বলেন, "মুফতি হান্নানের জবানবন্দি প্রত্যাহারের আবেদন প্রমাণ করে যে তারেক রহমানসহ রাজনীতিবিদরা ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় জড়িত নন। সরকার রাজনৈতিক প্রতিহিংসায় তাকে (তারেক) জড়িয়েছে। এর মাধ্যমে সরকার ওই মামলার প্রকৃত দোষীদেরও সনাক্ত করতে আগ্রহী নয় বলে স্পষ্ট হয়েছে।"
হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ ১৬৪ ধারায় দেওয়া তার জবানবন্দি প্রত্যাহারের আবেদন জানান।
ওই আবেদনের বিষয়বস্তু তুলে ধরে ফখরুল বলেন, "তারেক রহমানের নাম না বললে মুফতি হান্নানকে হত্যার হুমকি দেয় র্যাব। এটা মুফতি হান্নান তার আবেদনে লিখেছেন। এ থেকে প্রমাণ হয়, সরকার রাজনৈতিক প্রতিহিংসায় তারেককে ২১ অগাস্টের মামলায় জড়ানো অপচেষ্টা করেছে।"
তারেককে এ মামলায় জড়ানোর জন্য মুফতি হান্নানের ওপর দীর্ঘদিন অমানসিক নির্যাতন চালিয়ে জোর করে জবানবন্দি আদায় করা হলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, "মুফতি হান্নান তার আবেদনে বলেছেন, '১৬৪ ধারার জবানবন্দি আদায়ে আমার ওপর মধ্যযুগীয় নির্যাতন চালানো হয়েছে। আমাকে বিভিন্ন মামলায় জড়িয়ে রিমাণ্ডে নিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়েছে। ফজলুল করিম ও আবদুল কাহার আখন্দ (তদন্ত কর্মকর্তা) মাঝে মাঝে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে আমাকে র্যাবের কাছে নিয়ে যেত। নির্যাতনে আমার দৃষ্টি শক্তি হ্রাস পেয়েছে। বর্তমানে আমার ডান হাত ও বাম পা অবশ হয়ে গেছে'।"
তারেক রহমানকে ২১ অগাস্ট মামলায় জড়াতে র্যাবসহ বিভিন্ন সংস্থা হান্নানকে ৪১০ দিন রিমাণ্ডে নিয়ে 'নির্যাতন করে' বলেও দাবি করেন ফখরুল।
২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ওই গ্রেনেড হামলায় অন্তত ২৪ জন নিহত ও শতাধিক আহত হন। শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তার শ্রবণ ইন্দ্রীয় স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "২১ আগস্টের গ্রেনেড হামলা ঘটনার আমরা নিন্দা জানিয়েছি। ওই ঘটনার পর তা তদন্তের জন্য স্কটল্যাণ্ড ইয়ার্ড, এফবিআইয়ের মতো আন্তর্জাতিক সংস্থার তদন্ত দল আনা হয়েছিলো। কিন্তু আওয়ামী লীগ ওই তদন্ত দলকে সহযোগিতা করেনি।"
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭০৭ ঘ.
bdnews24