ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যদের না নেওয়ার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বাহিনী দুটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে বাহিনীর সদস্যদের বিদেশে প্রশিক্ষণ বন্ধেরও অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির সমাবেশে খালেদা সংশ্লিষ্টদের প্রতি এ অনুরোধ জানান।
জাতিসংঘ শান্তিমিশনে অংশগ্রহণকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যার হিসেবে বিশ্বে শীর্ষে রয়েছে বাংলাদেশ।
বিরোধী দল দমনে র্যাব ও পুলিশকে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেন খালেদা।
তিনি বলেন, "আইনজীবী এম ইউ আহমেদকে তারা নির্যাতন করে মেরেছে। এই দুইটি সংস্থা বিরোধী দলের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন করছে।"
হাইকোর্টে হট্টগোল মামলার আসামি বিএনপিপন্থী আইনজীবী আহমেদ পুলিশের হাতে আটক হওয়ার পর রাজধানীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার পরিবার দাবি করছে, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়। পুলিশ বলছে, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।
খালেদা র্যাব-পুলিশ সদস্যদের সতর্ক করে বলেন, "আপনারা দলীয় ক্যাডার হিসেবে কাজ করবেন না। নইলে ভবিষ্যতে আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।"
ঢাকা সিটি করপোরেশন কাউন্সিলর চৌধুরী আলম গুম হওয়ার পেছনে র্যাবকে সরাসরি দায়ী করেন তিনি।
"চৌধুরী আলমকে র্যাব ধরে নিয়ে গেছে। তারপর আর তাকে পাওয়া যাচ্ছে না। এজন্য র্যাবকে একদিন জবাবদিহি করতে হবে।"
তিন বছরের বেওয়াশি লাশের পরিসংখ্যান দিয়ে এসব হত্যাকাণ্ডে পুলিশ ও সরকার জড়িত বলে অভিযোগ করেন খালেদা জিয়া।
তিনি বলেন, "ঢাকা শহরে তিন বছরে বেওয়ারিশ লাশ হয়েছে ৫ হাজার ৫শ ৭৬ জন। সারাদেশে এই সংখ্যা ১১ হাজার। বিভিন্ন স্থানে বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে।
"এসব হত্যাকাণ্ডের সঙ্গে পুলিশ ও সরকারের পেটোয়া বাহিনী জড়িত। এরা কেউই আগামীতে রক্ষা পাবে না।"
সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণে আইন করছে- উলে¬খ করে এর নিন্দা জানান বিএনপি চেয়ারপার্সন।
দেশের মানুষ চার বেলা খায়- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের জবাবে খালেদা জিয়া বলেন, "দ্রব্যমূল্যে মানুষের নাভিশ্বাস উঠেছে। মানুষজন দুই বেলা ঠিকমতো খাওয়া পায় না।
একটি পত্রিকায় প্রকাশিত ছবি দেখিয়ে তিনি বলেন, "একজন মহিলা ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছেন। এটাই বাস্তব চিত্র।
"আর সরকারের লোকজন চার বেলা খাচ্ছেন। সেই কথাই প্রধানমন্ত্রী বলেছেন, মানুষের কথা বলেননি।"
দেশের অর্থনীতিকে 'সংকটজনক' অভিহিত করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "এ সময় আমাদের প্রধানমন্ত্রী বিরাট প্রতিনিধি দল নিয়ে লম্বা সফরে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। কোথাও কোনো উন্নয়ন নেই। অর্থনীতির চাকা ঘুরছে না। অথচ প্রধানমন্ত্রীর সেদিকে নজর নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২২৭ ঘ.
bdnews24