খুলনা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোেয়ন্টিফোর ডটকম)- পুলিশের বাধায় খুলনায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন পণ্ড হয়ে গেছে। গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে।
খুলনা প্রেসক্লাবে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন ডাকে জামায়াত। এর আগে সকাল ১০টার দিকে সংবাদ সম্মেলনের প্রস্তুতির জন্য আসা দলের তিন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
তিন কর্মী গ্রেপ্তার এবং জাতীয় প্রেসক্লাবের আশপাশে ব্যাপক পুলিশের অবস্থানের কারণে
সংবাদ সম্মেলন আর করেনি জামায়াত।
পুলিশি অভিযান, গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছিলো।
তিন জনকে গ্রেপ্তারের বিষয়ে সদর থানার ওসি এসএম কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, "নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে এমন খবরে পুলিশ প্রেসক্লাব এলাকায় অভিযান চালায়। তখন সন্দেহভাজন তিন জনকে গ্রেপ্তার করা হয়।"
গ্রেপ্তার নেতারা হলেন- খুলনা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী ইয়াসিন উদ্দীন আহমেদ, খানজাহান আলী থানা আমির মো. আজিজুর রহমান স্বপন এবং খুলনা উত্তর জেলা সহকারী সেক্রেটারি জেনারেল মুন্সি মঈনুল ইসলাম।
অন্যদিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে মহানগর জামায়াতের আমির মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বিরোধীদলকে দমনের জন্য গণতান্ত্রিক রীতিনীতি পরিহার করে অন্যায়ভাবে পুলিশকে ব্যবহার করছে।
গ্রেপ্তার নেতাদের মুক্তিও দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২০ ঘ.
bdnews24