গাজীপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জনসভায় যোগ দিতে যাওয়ার পথে গাজীপুরে পুলিশের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের যানবাহনে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিভিন্ন যানবাহনে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন গাজীপুর জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পুলিশ গাজীপুরের টঙ্গী, চান্দনা-চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে ঢাকামুখী বিএনপি নেতাকর্মীদের যানবাহকে বাধা দিচ্ছে। এ সময় তল্লাশির নামে পুলিশ যাত্রীদের গাড়ি আটক করে গাড়ি থেকে নামিয়ে দেয়।
এদিকে সরেজমিনে দেখা যায়, পুলিশের তল্লাশির কারণে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
অবশ্য সেখানে দায়িত্বরত গাজীপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হোসেন যানবাহনে বাধা দেওয়ার কথা অস্বীকার করেছেন। "তিনি বলেন, বাধা নয়, গাড়ির কাগজ-পত্র যাচাই করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭০৬ ঘ.
bdnews24