২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসভায় খালেদা

নেতা-কর্মী-সমর্থকদের স্লোগানের মধ্যে নয়া পল্টনে চারদলীয় জোটের জনসভাস্থলে পৌঁছেছেন খালেদা জিয়া। এ সমাবেশেই সরকাবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি দেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 08:47 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেতা-কর্মী-সমর্থকদের স্লোগানের মধ্যে নয়া পল্টনে চারদলীয় জোটের জনসভাস্থলে পৌঁছেছেন খালেদা জিয়া। এ সমাবেশেই সরকাবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি দেবেন তিনি। নয়া পল্টনে সড়কের ওপর তৈরি করা সভামঞ্চে মঙ্গলবার পৌনে ৪টায় পৌঁছান খালেদা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে দক্ষিণমুখী করে নির্মিত মঞ্চে একটি চেয়ারে বসেছেন তিনি। খালেদা জিয়া সভাস্থলে পৌঁছামাত্রা হাজার-হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে মুখর করে তোলে জনসভাস্থল। জনসভার পরিসর পশ্চিমে কাকরাইল এবং পূর্বে ফকিরাপুল ছাড়িয়েছে। দক্ষিণে দৈনিক বাংলার মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে আছেন বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা। দুপুর ২টায় কুরআন তিলওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভামঞ্চে বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ সমমনা দলের নেতারা রয়েছেন। এ সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকার মেয়র ও মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা। এ জনসভা বিএনপি ডাকলেও এটি এখন চারদলীয় জোটের কর্মসূচিতে পরিণত হয়েছে। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর থেকে যৌথভাবে তাদের কর্মসূচি করতে দেখা যায়নি। তবে একই দিনে একই কর্মসূচি আলাদাভাবে তারা পালন করে আসছিলেন। দুপুরে দেড়টার দিকে জামায়াতের ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের একটি বিশাল মিছিল এসে মঞ্চের পূর্ব দিকে অবস্থান নেয়। মিছিলটি জনসভাস্থলে এসে পৌঁছালে করতালি থেকে বিএনপি কর্মী-সমর্থকরা স্বাগত জানায়। দুপুর দেড়টার থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ভারপ্রাপ্ত সভাপতি রেদোয়ান আহমেদ ও যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিমসহ নেতা-কর্মীরা জনসভাস্থলে পৌঁছান। জনসভা পরে শুরু হলেও দুপুর ১২টা থেকেই ওই এলাকা ভরে যেতে থাকে। তখন থেকে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) শিল্পীরা দেশাত্মবোধক ও দলীয় সঙ্গীত পরিবেশন করে কর্মী সমর্থকদের উৎসাহ দেন। মঞ্চে বিশাল ব্যানারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বৃহৎ ছবি এবং 'দুর্ভোগ সৃষ্টিকারী ব্যর্থ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি' কথা লেখা রয়েছে। জনসভা উপলক্ষে নয়া পল্টন সড়কের উচু দালানের ছাদে বসানো হয়েছে পুলিশ ও র‌্যাবের নিরাপত্তা দল। মঞ্চে চারপাশে রয়েছে র‌্যাবের সিসিটিভি ক্যামেরা। মঞ্চের চারপাশে পুলিশের একটি ব্যাটেলিয়ান মোতায়েন করা হয়েছে। একসঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃত্বে আড়াই হাজারের স্বেচ্ছাসেবক টিমও রয়েছে জনসভা স্থালে মঞ্চের চারপাশে। জনসভার কারণে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকেও এসেছেন নেতা-কর্মী-সমর্থকরা। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জনসভামুখী গাড়িগুলো মানিকগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সরকার সমর্থকদের বাধার মুখে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএএইচ/এমআরআর/এমআই/১৫৫০ ঘ.