২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচি দিলেন, দাবিও জানালেন খালেদা

অক্টোবরে তিন বিভাগীয় শহরের উদ্দেশ্যে রোডমার্চ এবং সেখানে সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 08:47 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবিধানিক ও আইনগতভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে গেলেও এর অধীনে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন খালেদা জিয়া। আগামী ১০ অক্টোবর ঢাকা-সিলেট, ১৮ অক্টোবর ঢাকা-রাজশাহী এবং ২৫ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচিও দিয়েছেন খালেদা। বিভাগীয় ওই তিন শহরে রোডমার্চের পরদিন সমাবেশ করবে বিএনপি। মঙ্গলবার নয়া পল্টনে দলীয় সমাবেশে ক্ষমতাসীন সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা। গত ৩০ জুন সাংবিধানিকভাবে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর আগে সুপ্রিম কোর্ট এ ব্যবস্থা বাতিল বলে রায় দেয়। নয়া পল্টনে সড়কের ওপর তৈরি করা সভামঞ্চে মঙ্গলবার পৌনে ৪টায় পৌঁছান খালেদা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে দক্ষিণমুখী করে নির্মিত মঞ্চে একটি চেয়ারে বসেন তিনি। বিকেল ৫টা থেকে খালেদা এক ঘণ্টা বক্তব্য দেন। নয়া পল্টনের জনসভায় আসার পথে রাজধানীসহ নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীসহ বিভিন্ন স্থানে বাধা দিয়েছে অভিযোগ করে নিন্দা জানান খালেদা। মঞ্চে বিশাল ব্যানারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বৃহৎ ছবি এবং 'দুর্ভোগ সৃষ্টিকারী ব্যর্থ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি' লেখা ছিল। রোড মার্চ ও সমাবেশ জনসভায় বক্তব্যের শুরুতেই খালেদা জিয়া উপস্থিত জনতার কাছে জানতে চান- তারা কেমন আছেন। সমস্বরে নেতা-কর্মী-সমর্থকরা 'না' বলে জবাব দেন। চলমান আন্দোলনের অংশ হিসেবে মহাজোট সরকারের অবিলম্বে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সারাদেশে জনমত গড়ে তুলতে সমাবেশে রোড মার্চের ঘোষণা দেন খালেদা। তিনি বলেন, ১০ অক্টোবর সিলেট অভিমুখে রোড মার্চের পরদিন সিলেট জেলায় জনসভা হবে। ১৮ অক্টোবর রাজশাহী অভিমুখে রোড মার্চ হবে। সেদিন বগুড়ায় এবং পরদিন রাজশাহী জেলায় জনসভা হবে। সর্বশেষ রোড মার্চ হবে ২৫ অক্টোবর। এটি চট্টগ্রাম অভিমুখে শুরু হবে ঢাকা থেকে। সেদিন ফেনীতে জনসভা করে রাত্রিযাপনের পরদিন সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রোড মার্চ শুরু করে সেখানে জনসভা হবে। ২০০১ সালের নির্বাচনে আগে খালেদা জিয়া তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ঐক্যমতের সরকারের বিরুদ্ধে সারাদেশে চারটি রোড মার্চ করেছিলেন। দেশের বর্তমান অবস্থাকে আওয়ামী লীগ শাসনামলের ১৯৭২-৭৫ সালের সঙ্গে তুলনা করেন খালেদা। তিনি বলেন, "বর্তমান সরকারের আমলে দেশে ১৯৭২-৭৫ সালের মতো লুটপাট হচ্ছে।" বর্তমান সরকার লুটপাট করলেও তাদের কোনো বিচার হচ্ছে না- এ দাবি করে বিএনপি চেয়ারপার্সন বলেন, "বিচার হবে কিভাবে। তারা বিচার বিভাগকে দলীয়করণ করে রেখেছে। সেখানে গেলে আওয়ামী লীগ হলেই সব মাফ।" বক্তব্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমালোচনা করেন তিনি। চলতি বছর দ্বিতীয়বারের মতো বৃহস্পতিবার জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। 'দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়' খালেদা জিয়া বলেন , "এদেশে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। পঞ্চদশ সংশোধনী অবশ্যই বাতিল করতে হবে।" তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের লক্ষ্যে বিরোধীদলীয় নেতা কয়েকটি দাবি উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে- পঞ্চদশ সংশোধনী বাতিল, ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল, সংবিধানে ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, আলোচনার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, ইলেক্ট্রনিক ভোটিং পদ্ধতি বাতিল করা। আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি কী কী করবে তার একটি ফিরিস্তিও তুলে ধরেন খালেদা জিয়া। বিএনপির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমরা দুর্নীতি দূর করবো। শেয়ারবাজারকে ঠিক করা হবে। প্রশাসনে দলীয়করণ বন্ধ করা হবে।" বিএনপি জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়ে সংবিধানে সংশোধনী আনবে বলে সমাবেশে ঘোষণা দেন খালেদা। দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতায় আনারও আশ্বাস দেন তিনি। এছাড়া আগামীতে ক্ষমতায় গেলে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী, অর্থনীতির স্বার্থে বিদ্যুৎ উৎপাদনকে অগ্রাধিকার, দেশের স্বার্থ রক্ষা করে গ্যাস ও কয়লা উত্তোলন, বিচার বিভাগকে 'সত্যিকার অর্থে' স্বাধীন ও নিরপেক্ষ করবেন বলে প্রতিশ্র"তি দেন খালেদা। দলীয় সরকারের অধীনে নির্বাচন করার সরকারি চিন্তার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। "সরকার ভাবছে এরশাদকে নিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করবে। তাদের এই স্বপ্ন সফল হবে না।" তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচনের জন্য আন্দোলন বেগবান করা হবে বলেও জানান তিনি। বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের অনুগত অভিহিত করে সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিও জানান খালেদা জিয়া। 'আ. লীগ এলেই শেয়ারমার্কেটে ক্যু হয়' দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় উল্লেখ করে খালেদা বলেন, "তিন বছরে নতুন কোনো শিল্প স্থাপন হয়নি। অনেক প্রতিষ্ঠান গ্যাস বিদ্যুতের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে।" অপরাধের পরিমাণ দিনদিন বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। "আওয়ামী লীগ ক্ষমতায় এলেই 'শেয়ারমার্কেট ক্যু' হয়," মন্তব্য করে তিনি বলেন, এবার প্রায় ৩৪ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে গেছে। তারা টাকা দেশেও রাখেনি।" "সেই লুটের টাকা ডলার-পাউন্ড কিনে বিদেশে পাচার করেছে। যার জন্য এখানে বিদেশি কারেন্সির দাম বেড়ে গেছে।" "মানুষ এই অপকর্মের জন্য স্বাভাবিকভাবে ন্যায়বিচার আশা করে। কিন্তু আজকে ন্যায়বিচার বলে কিছু নেই।" প্রশাসনেও দলীয়করণ করা হয়েছে অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, "৪৬০ জনকে ওএসডি করা হয়েছে। কী অপরাধে ওরা ওএসডি। এরা সিনিয়ির ভালো নিরপেক্ষ অফিসার। এরা আওয়ামী লীগের দালালি করে না বলে ওএসডি করা হয়েছে। অবিলম্বের ওএসডি প্রত্যাহার করে প্রশাসনকে প্রশাসনকে সচল করার দাবি জানান তিনি। 'তখন শান্তি কোথায় থাকে' প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে 'অশান্তি সৃষ্টি' করছেন বলে সমাবেশে মন্তব্য করেন খালেদা। তিনি বলেন, "আপনি দেশে অশান্তি সৃষ্টি করে এখন বিশ্ব শান্তির মডেল দিচ্ছেন। এটা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।" "একটি রাজনৈতিক দল স্বাধীনতার পর ৪০ হাজার মানুষ হত্যা করেছে। তখন আপনার (শেখ হাসিনা) শান্তি প্রক্রিয়া কোথায় ছিলো। হরতালে সময়ে বিরোধী দলের ওপর নির্যাতন চালানো হয়েছে। আপনার শাসনামলে অনেক মানুষ হত্যা-গুম করা হয়েছে। তখন এই শান্তি প্রক্রিয়া কোথায় থাকে।" বিশ্বের সাতশ' কোটি মানুষের এই বিশ্বকে 'পাল্টে দিতে' জাতিসংঘের সাধারণ পরিষদে 'শান্তি-কেন্দ্রিক উন্নয়নের' এক নতুন মডেল শনিবার উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা বলেন, "এর মূল বিষয় হচ্ছে সকল মানুষকে সমান চোখে দেখা এবং মানবিক সামর্থ্য উন্নয়নের কাজে লাগানো। একমাত্র শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই এসব বাস্তবায়ন করা সম্ভব।" বিএনপির নেতারা ইতিমধ্যে এর সমালোচনা করেছেন। মনমোহন সিংয়ের প্রশংসা দেশের স্বার্থ 'জলাঞ্জলি' দিয়ে সরকার ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে দিচ্ছে বলে দাবি করেন খালেদা। তিনি বলেন, "ট্রানজিট হচ্ছে ভারতের আবদার। কিন্তু তিস্তার পানি পাওয়ার দাবি আমাদের অধিকার।" নানা ক্ষেত্রে সরকার ব্যর্থ দাবি করে খালেদা বলেন, "এ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। তাই জনগণকে আহবান জানাব- ওই হীরক রাজার মতো বলুন- সবাই মিলে মারো টান, আওয়ামী লীগ হবে খান খান।" গতবছর ভারত সফরে প্রধানমন্ত্রী তিনটি গোপন চুক্তি করেছেন বলে দাবি করেন খালেদা জিয়া। তিনি বলেন, "আমাদের প্রধানমন্ত্রী এবার ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ করে দিয়েছেন, এতে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হয়েছে।" ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসা করে খালেদা জিয়া বলেন, "তিনি (মনমোহন) ঢাকা আসার আগে সংসদ, বিরোধী দল, গণমান্য ব্যক্তিবর্গসহ সবার সঙ্গে আলোচনা করেছেন- বাংলাদেশের সঙ্গে কী কী বিষয় আলোচনা করা হবে। "অথচ আমাদের প্রধানমন্ত্রী নিজের দল, সংসদ এমনকি বিরোধী দলের সঙ্গে আলোচনা করেননি। তার পররাষ্ট্রমন্ত্রীও জানেন না কী হচ্ছে।" কড়া নিরাপত্তা জনসভা উপলক্ষে নয়া পল্টন সড়কের উঁচু দালানের ছাদে ছিল পুলিশ ও র‌্যাবের নিরাপত্তা দল। মঞ্চে চারপাশে ছিল র‌্যাবের সিসিটিভি ক্যামেরা। মঞ্চের চারপাশে পুলিশের একটি ব্যাটেলিয়ান মোতায়েন করা হয়। একইসঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃত্বে আড়াই হাজারের স্বেচ্ছাসেবক টিমও ছিল জনসভাস্থলে মঞ্চের চারপাশে। জনসভার কারণে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকেও নেতা-কর্মী-সমর্থকরা জনসভায় যোগ দেন। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, জনসভামুখী গাড়িগুলো মানিকগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সরকার সমর্থকদের বাধার মুখে পড়ে। এ জনসভা বিএনপি ডাকলেও এটি চারদলীয় জোটের কর্মসূচিতে পরিণত হয়। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর থেকে যৌথভাবে তাদের কর্মসূচি করতে দেখা যায়নি। তবে একই দিনে একই কর্মসূচি আলাদাভাবে তারা পালন করে আসছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএএইচ/এমএমআর/এমআই/পিডি/২৩৩৫ ঘ.