২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর যুদ্ধাপরাধঅভিযোগ গঠনের বিষয়ে ৩ অক্টোবর সিদ্ধান্ত

যুদ্ধাপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সে সিদ্ধান্ত ৩ অক্টোবর জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 06:55 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সে সিদ্ধান্ত ৩ অক্টোবর জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউশন ও সাঈদীর আইনজীদের বক্তব্য শোনার পর বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল মঙ্গলবার একথা জানায়। সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ সুনির্দিষ্ট নয় দাবি করে এর ভিত্তিতে অভিযোগ গঠন না করার পক্ষে শুনানিতে যুক্তি তুলে ধরেন জামায়াত নেতার আইনজীবীরা। অন্যদিকে এর বিরোধিতা করে পাল্টা যুক্তি দেখান ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদী উপস্থিতিতেই অভিযোগ গঠনের শুনানি চলে। সাঈদীর পক্ষে তার আইনজীবী তাজুল ইসলাম বলেন, এসব অপরাধে সাঈদীর ভূমিকা কী ছিলো বা এসব ঘটনার সুনির্দিষ্ট ঘটনাস্থল দেখাতে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন বিভাগ। "সাঈদীর অপরাধের কারণ ও উদ্দেশ্য চিহ্নিত করেনি প্রসিকিউশন। এছাড়া এগুলো মানবতাবিরোধী অপরাধ ছিলো, তারও যথেষ্ট প্রমাণ নেই," বলেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী সৈয়দ হায়দার আলী এর বিরোধিতা করে বলেন, সাক্ষ্য প্রমাণ ও অন্যান্য নথিপত্রের মধ্যে দিয়ে স্পষ্ট বোঝা যায়, অভিযোগ সুনির্দিষ্ট। "তবে দুয়েক জায়াগায় তারিখ নিয়ে কিছুটা সন্দেহ থাকতেই পারে। আমরা ৪০ বছর আগের কথা বলছি। ঠিক কবে কখন কোনো একটি বিশেষ ঘটনা ঘটেছিলো, তা অনেকেরই স্পষ্ট মনে থাকার কথা নয়," যোগ করেন তিনি। হায়দার আলী বলেন, অভিযোগগুলো সাক্ষীদের জবানবন্দি থেকে স্পষ্ট হয়ে যাবে। তিনি আরো বলেন, "অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো একটি ঘটনার সঙ্গে সাঈদী জড়িত কি না আর কোনো প্রমাণ নাই। কিন্তু আমাদের কাছে এমন সাক্ষী আছে, যারা বলেছে ওই ঘটনায় তারা সাঈদীকে ওই স্থানে দেখেছিলো।" সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান ট্রাইব্যুনালের প্রসিকউটর। তবে এর বিরোধিতা করে তাজুল বলেন, প্রসিকিউশন বিভাগের কথায় 'বায়বীয়' অভিযোগে অভিযোগ গঠন হতে পারে না। ট্রাইব্যুনালের তদন্ত দলের প্রতিবেদন না পাওয়ার কথা জানিয়ে সাঈদীর আইনজীবী বলেন, বিবাদিপক্ষের এ বিচার প্রক্রিয়া সম্পর্কিত সব নথিপত্র পাওয়ার অধিকার রাখে। এর জবাবে আদালত বলে, এটি একটি প্রতিবেদন, কোনো নথিপত্র নয়। তখন তাজুল বলেন, "বিচার প্রক্রিয়া সম্পর্কে বিবাদীকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কীভাবে বিচার হতে পারে?" বক্তব্যের শেষে তাজুল বলেন, উত্থাপিত অভিযোগগুলো বিচারকাজ চালানোর জন্য যথেষ্ট নয়। এগুলো খারিজ করে আসামিকে খালাস দেওয়া উচিত। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের মুখে থাকা জামায়াতের নায়েবে আমির সাঈদীকে গ্রেপ্তার করা হয় ২০১০ সালের ২৯ জুন। তিনিই প্রথম ব্যক্তি, যার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার মামলায় অভিযোগ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৪ সেপ্টেম্বর সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মামলার অভিযোগ গঠনের জন্য আবেদন জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। সাবেক সংসদ সদস্য সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চার জন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন-দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬া। এছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএম/কিউএইচ/এমআই/১৭৫৫ ঘ.