ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী যে কোনো আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে দলীয় নেতাকর্মীদের নিদের্শ দিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদ।
সোমবার দলের যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ নির্দেশ দেন।
এতে বলা হয়, "মঙ্গলবার সমাবেশ থেকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আন্দোলনের যে কর্মসূচি ঘোষণা করবেন, তাতে ঐক্যবদ্ধভাবে সামিল হয়ে এ সরকারের বিদায় ঘণ্টা বাজাতে হবে। এজন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।''
বর্তমানে অলি যুক্তরাজ্যে রয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, এই দুঃশাসনের কবল থেকে দেশের মানুষ আজ মুক্তি পেতে চায়। দেশে আজ আইনের শাসন বলতে কিছুই নেই।
এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে সরকারের বিরুদ্ধে গণআন্দোলন এবং গণবিস্ফোণের আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২১১১ ঘ.
bdnews24