ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়া পল্টনে চারদলের জনসভা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি দেখাবে (ওয়েবকাস্ট) বিএনপি।
সোমবার দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তিনি বলেন, "মঙ্গলবার দেশনেত্রীর এই জনসভাটি আমরা দেশ-বিদেশের মানুষের জন্য সরাসরি স¤প্রচারের উদ্যোগ নিয়েছি।''
ইন্টারনেটে www.bnplive.com- এই ঠিকানায় মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে জনসভাটি দেখা যাবে বলে জানান জনি।
২০০৮ সালের নির্বাচনে ভরাডুবির পর বর্তমান সরকারের আমলে চারদলীয় জোটের উদ্যোগে এটিই হবে প্রথম জনসভা। মঙ্গলবার এ জনসভা থেকেই সরকারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার কথা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার।
বিএনপি শুরুতে পল্টন ময়দানে এ জনসভা করার ঘোষণা দিলেও সরকারের অনুমতি না পাওয়ায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই এই সমাবেশ করবে দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৬৫৪ ঘ.
bdnews24