ঢাকা, ২৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে এক পুলিশের বুটের নিচে এক ব্যক্তির ছবি ছাপা হওয়া নিয়ে সংসদীয় কমিটি প্রশ্ন তুললেও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ মনে করেন, ওই এক ছবিতে সরকারের 'সব ছবি' ম্লান হয়ে যায় না।
সোমবার সকালে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, "পুলিশের বুটের তলায় একটি ছবি দেখলেই সরকারের সব ছবি ম্লান হয়ে গেছে- এমনটি আশা করবেন না।"
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপি ও শরিকদের ডাকা হরতালের দিন মতিঝিল এলাকার ওই ঘটনা নিয়ে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়। বৈঠক শেষে এক বিফিংয়ে কমিটির সদস্য জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের জানান, পুলিশের এ ধরনের 'অসংযত আচরণের' বিষয়ে আইজিপির ব্যাখ্যা চেয়েছে কমিটি।
ওই ছবিতে দেখা যায়, একজন পুলিশ সদস্য এক ব্যক্তিকে বুট দিয়ে চেপে ধরেছেন।
অবশ্য মাহবুব উল আলম হানিফের সন্দেহ, পুলিশ সদস্যের এমন আচরণের পেছনে বিরোধী দলের ইন্ধন থাকতে পারে।
আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, "এ ঘটনায় বিরোধী দলের কোনো ইন্ধন আছে কি না তাও খতিয়ে দেখা হবে। যেসব পুলিশ সদস্য এ ঘটনার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া হবে।"
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে সমালোচনা করায় মির্জা ফখরুলকে 'জ্ঞান পাপী' আখ্যায়িত করেন হানিফ।
তিনি বলেন, "জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে তিনি জ্ঞান পাপীর মতো কাজ করেছেন। তার মত শিক্ষিত একজন ব্যাক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করা যায় না।"
শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল রোববার বলেন, "যে দেশের পুলিশের বুটের নিচে মানুষ পিষ্ঠ হয়, দুস্থরা ডাস্টবিন থেকে খাবার তুলে খায়, যেখানে গণতন্ত্র ও সুশাসন নেই; সে দেশের প্রধানমন্ত্রী বিশ্ব শান্তির মডেল উপস্থাপন করেছেন।"
হানিফ বলেন, "বিএনপি মানবতার কথা বলে, অথচ যখন সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াকে গ্রেনেড হামলায় হত্যা করা হল, আহসান উল্লাহ মাস্টারকে বিএনপি দলীয় ক্যাডাররা প্রকাশ্যে গুলি করে হত্যা করে- তখন কোথায় ছিল মানবতা। আজ প্রমাণিত হয়েছে- কীভাবে হাওয়া ভবনে তারেক-বাবরের পরিকল্পনায় ২১ শে আগস্টের বোমা হামলা করা হয়েছিলো।"
অন্যদের মধ্যে সংসদ সদস্য তারানা হালিম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব পীযুষ বন্দোপধ্যায় ও খায়রুল আলম সবুজ এই অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৪৪৭ ঘ.
bdnews24