২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোর দেখিয়ে কাজ হবে না: ফখরুল

সরকার জোর দেখিয়ে দেশ শাসন করছে দাবি করে তা না করতে ক্ষমতাসীন দলকে সতর্ক করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার জোর দেখিয়ে দেশ শাসন করছে দাবি করে তা না করতে ক্ষমতাসীন দলকে সতর্ক করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হরতালে বাধা ও নির্যাতনের প্রতিবাদে শনিবার বিকালে নয়া পল্টনে জনসভায় তিনি বলেন, "এ সরকার গায়ের জোরে বন্দুক-পিস্তলের ভয় দেখিয়ে জনগণের আন্দোলন স্তব্ধ করতে চায়। অতীতে কোনো সরকার জনগণকে এভাবে রুখতে পারেনি। বর্তমান ফ্যাসিস্ট সরকারও গণঅভ্যূত্থান ঠেকাতে পারবে না।" "আজ পুলিশের বুটের তলায় গণতন্ত্র পিষ্ট হচ্ছে। দেশের নিরাপত্তা আজ কাঁটাতারে বন্দি হয়ে আছে," বলেন ফখরুল। জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে হরতালের ডাক দেয় বিএনপি। ওই কর্মসূচি বাধা দেওয়ার অভিযোগ এনে শনিবার দেশব্যাপী বিক্ষোভ করেছে তারা। কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশ হয় নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর সমালোচনা করে ফখরুল বলেন, "বিএনপির আমলে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ছিলো ৭৫-৮০ ডলার। এখন তা ৮৬ ডলার। মাত্র ৫-৬ শতাংশ বেড়েছে। কিন্তু সরকার কেরোসিন, ডিজেল, পেট্রোল, অকটেন সব ধরনের জ্বালানি তেলের দাম দ্বিগুণ করেচে। তাহলে এ বৃদ্ধির বাকি অর্থ কোথায় যাচ্ছে? এভাবে সরকার জনগণের পকেট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।" জ্বালানির ওপর ভর্তুকির চাপ কমানোর কারণ দেখিয়ে ডিজেল, পেট্রোল, অকটেনের প্রতি লিটার ৫ টাকা এবং সিএনজি প্রতি ঘনমিটার ৫ টাকা হারে বাড়িয়েছে সরকার। সিএনজির দাম একবছরে দ্বিগুণ করার সমালোচনাও করেন বিএনপি নেতা। নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনারও বিরোধিতা করেন তিনি। ফখরুল বলেন, "ক্ষমতাসীনদের আত্মীয়-স্বজনরা বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প নিয়েছে। বিনা টেন্ডারে কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প ক্ষমতাসীনদের লোকজন দিতে সংসদে আইন পাস করা হয়েছে। এজন্য বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে।" দেশের অর্থনীতির হাল ভালো নয় দাবি করে তিনি বলেন, "দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। তাই আর চুপ করে বসে থাকার সময় নেই। সবাই ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে রাজপথে নামতে হবে।" ঢাকার মেয়র ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফজলুল রহমান পটল, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আমান উল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, সালাহউদ্দিন আহমেদ, ফজলুল হক মিলন, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন, আবদুস সালাম প্রমুখ। সহযোগী সংগঠনগুলোর নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মীর শরফত আলী সপু, ফরিদা ইয়াসমীন, আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৪৬ ঘ.