যশোর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ২২ সেপ্টেম্বর সারাদেশে হরতালের দিন মিছিলে সরকার সমর্থকদের 'হামলা' এবং পৌর মেয়র মারুফুল ইসলামকে 'লাঞ্ছিত' করার প্রতিবাদে যশোরে স্থানীয় বিএনপির ডাকা আধাবেলা হরতাল ঢিলেঢালাভাবেই শেষ হয়েছে।
শনিবার সকাল থেকেই যশোরে থেমে থেমে হালকা থেকে ভারী বৃষ্টি হওয়ায় জেলা শহরে হরতাল খুব একটা প্রভাব ফেলেনি। গাড়ি চলাচল করেছে যথারীতি। অফিস-আদালতেও কাজ চলছে।
বৃষ্টির কারণে সড়কে মানুষ কম দেখা গেছে। পিকেটারদের তৎপরতাও চোখে পড়েনি।
জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হরতাল করে বিএনপিসহ চারদলীয় জোট।
ওইদিন হরতালকারীদের সঙ্গে ছাত্রলীগকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ছাত্রলীগকর্মীরা দুপুরে দড়াটানা এলাকায় পৌর মেয়র ও শহর বিএনপির সভাপতি মারুফকে একটি সেলুনে আটকে রেখে লাঞ্ছিত করে বলেও দাবি করে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২০৫ ঘ.
bdnews24