২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি হলে তল্লাশি, ৪ ছাত্রলীগ কর্মী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের একটি কক্ষে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 07:19 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের একটি কক্ষে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শাহবাগ থানা পুলিশকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলের বর্ধিত ভবনের ২০০৫ নম্বর কক্ষে এই অভিযান চালায়। আটক ছাত্ররা হলেন, বাংলা বিভাগের ইমরান হোসেন, ইতিহাস বিভাগের শরীফুল ইসলাম, সমাজ বিজ্ঞানের কামাল হোসেন ও ইতিহাস বিভাগের মোরশেদ আলম। তারা সবাই প্রথম বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে শিক্ষার্থীরা। হলের প্রভোস্ট অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডপটকমকে বলেন, "রাতে বড় ধরনের নাশকতার চেষ্টা হতে পারে- এমন খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ওই কক্ষে তল্লাশি চালানো হয়।" আটক চার ছাত্রের কাছ থেকে রড-লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলামও এই অভিযানের সময় উপস্থিত ছিলেন। এক ছাত্রলীগ কর্মী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হলে সংগঠনের দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে আটক কর্মীরা ওই কক্ষে বসে প্রতিপক্ষের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হল কর্তৃপক্ষ চার ছাত্রকে আমাদের হাতে তুলে দিয়েছে। এখন তারা মামলা করলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।" আটক ছাত্রলীগ কর্মীদের বিষয়ে জানতে চাইলে সরকার সমর্থক সংগঠনটির হল শাখার সভাপতি রিয়াজউদ্দিন সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি যেহেতু হল শাখার সভপতি, সেহেতু সবাই মনে করে, এখানকার সব ছাত্রই বোধহয় আমার দায়িত্বে। কিন্তু তা ঠিক না। এদের ব্যাপারে আমি কোনো দায়িত্ব নিতে পারি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০১০৮ ঘ.