চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুন লাগিয়ে বা বোমা মেরে নয়, জনস্রোতে শেখ হাসিনা সরকার ভেসে যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বৃহস্পতিবার বিকালে নগরীর নাসিমন ভবনের সামনে হরতাল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
জ্বালানির দাম বাড়ানার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপিসহ চার দল।
খসরু বলেন, "বর্তমানে দলীয় সব কর্মসূচিরই একমাত্র উদ্দেশ্য হাসিনা সরকারের পতন। সর্বস্তরের মানুষ আশা করছে কখন এ সরকার থেকে মুক্তি হবে।"
সরকার পতনে চট্টগ্রামের ওয়ার্ড ও থানা পর্যায়ে আন্দোলন জোরদারের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা।
নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি এস এম ফজলুল হক, নগর কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাবেক সংসদ সদস্য রোজী কবীর প্রমুখ।
হরতাল ডাকলেও দলীয় কার্যালয়ের সামনে মিছিল স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ ছিলো চট্টগ্রামে বিএনপির কার্যক্রম।
বৃহস্পতিবার সকাল থেকেই নেতাকর্মীরা নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। পিকেটারদের তৎপরতা নাসিমন ভবন কার্যালয় ঘিরেই সীমাবদ্ধ ছিলো।
পিকেটাররা দলীয় কার্যালয়ের সামনে একটি রোগীবাহী সিএনজি অটো রিকশা ভাঙচুর করে। এসময় পুলিশ এক পিকেটারকে গ্রেপ্তার করে।
অন্যান্যবারের হরতালে পুলিশ বিএনপিকর্মীদের মিছিল করতে বাধা দিলেও এবার ছিলো ব্যতিক্রম। বেলা ১২টার দিকে নগর কমিটির সভাপতি আমীর খসরুর নেতৃত্বে একটি মিছিল বের করে। পুলিশের কড়া প্রহরায় মিছিলটি দলীয় কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে।
বন্দরনগরীতে সকাল থেকে রিকশা ছাড়া অন্যান্য যানবাহন চলাচল না করলেও দুপুরের পর থেকে ভারী যানবাহনও চলতে দেখা যায়। রেল ও বিমান চলাচল স্বাভাবিক ছিলো।
সকাল থেকে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও খোলা পণ্য খালাস স্বাভাবিক থাকলেও পরিবহন হয়নি। তবে দুপুরের পর থেকে ট্রাকযোগে পণ্য পরিবহন শুরু হয় বলে বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নগরীর ব্যাংক-বীমা অফিসগুলো সীমিত আকারে তাদের কার্যক্রম পরিচালনা করলেও চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাসহ (সিইপিজেড) বিভিন্ন এলাকায় তৈরি পোশাক কারখানায় কার্যক্রম পুরোদমে চলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯৫০ ঘ.
bdnews24