ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের ডাকা হরতালের আগে সন্ধ্যা থেকেই প্রতিটি পাড়া-মহল্লায় দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার বিকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক সমাবেশে তিনি বলেন, "হরতালকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যাতে ঘটতে না পারে, সেজন্য পাড়ায়-মহল্লায় আজ (বুধবার) সন্ধ্যা থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।"
'বিরোধী দলের ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মকাণ্ডের' প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউয়ে এই সমাবেশের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।
জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে এবং বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা এই হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি। চার দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোটও একই দাবিতে হরতাল পালনের ঘোষণা দিয়েছে।
আশরাফ বলেন, "আমরা মরতে চাই না। আমরা কাউকে মারতেও চাই না। আমরা দেশের সব জনগণকে নিয়ে শান্তিপূর্ণভাবে বাস করতে চাই।"
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
চার দলীয় জোটের নেতা খালেদা জিয়ার প্রতি ইংগিত করে তিনি বলেন, "এদের (জামায়াত) আর বাড়তে দেবে না। দেখি উনি (খালেদা জিয়া) কী করেন ?"
স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন বিরোধীদলের উদ্দেশ্যে বলেন, "আপনারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবেন না। এখনো আপনাদের কিছু বলা হয়নি। আপনারা যদি গণতান্ত্রিক আচরণ না করেন, তাহলে কঠোরভাবে তা দমন করা হবে।"
হরতালের সময় নিজ নিজ এলাকায় হরতাল মোকাবেলা করতে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সমাবেশে নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, "আমরা মনে করি- অতীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই হরতালের সময় টেক কেয়ার (দেখভাল) করেছে। আমরা এখনো মনেকরি, তারাই যথেষ্ট। তারপরও আওয়ামী লীগকে সাংগঠনিক শক্তি নিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। আমরা কখনোই আইন নিজের হাতে তুলে নিতে চাই না।"
"জীবন দিয়ে হলেও আমরা দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করবো", যোগ করেন তিনি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে ইউসুফ হোসেন হুমায়ুন, মাহাবুব-উল-আলম হানিফ, আহম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৯৪৩ ঘ.
bdnews24