চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি বাধা ছাড়াই চট্টগ্রামে হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে বিএনপি।
বুধবার বিকালে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম নগর বিএনপি।
সাবেক সংসদ সদস্য রোজী কবীরের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের মূল্য বাড়ানোর বিএনপিসহ চার দল সারাদেশে বৃহস্পতিবার হরতালের ডাক দেয়।
সমাবেশে খসরু বলেন, দ্রব্যমূল্য এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে গিয়ে ঠেকেছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
"সরকারের ব্যর্থতায় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এর সবচেয়ে বড়ভুক্তভোগী হচ্ছে দেশের জনগণ," বলেন তিনি।
বৃহস্পতিবারের হরতাল সফল করতে দলীয় নেতাকর্মীদের মহানগরীর রাজপথে থাকার আহবান জানান খসরু।
সমাবেশ শেষে হরতালের সমর্থনে একটি মিছিল নাসিমন ভবন থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আসা পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এর আগে বিভিন্ন সময়ে হরতালে নগরীতে বিএনপিকে মিছিল করতে বাধা দিয়েছিলো পুলিশ। তবে বুধবার হরতালের সমর্থনে মিছিলের পাশে পুলিশ থাকলেও বাধা দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এমআই/১৯৩৬ ঘ.
bdnews24