২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির হরতালে এলডিপির সমর্থন

বিএনপির ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচিতে সমর্থন জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচিতে সমর্থন জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। মঙ্গলবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এলডিপির মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম এই সমর্থনের কথা জানান। তিনি বলেন, "আমরা হরতালে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেশের জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা পরিবর্তন চায়।" জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে এবং বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা এই হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি। চার দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোটও একই দাবিতে হরতাল পালনের ঘোষণা দিয়েছে। এলডিপির ভারপ্রাপ্ত সভাপতি রেদোয়ান আহমেদ বলেন, "দলীয় গঠনতন্ত্রে হরতালের বিষয়ে সিদ্ধান্ত না থাকলেও দেশের জনগণের বৃহত্তর স্বার্থে জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে আমরা বৃহস্পতিবারের হরতালে সমর্থন জানিয়েছি।" তিনি জানান, 'খালেদা জিয়ার নেতৃত্বে' চার দলের সরকার বিরোধী আন্দোলনে এলডিপি যোগ দেবে কি না সে বিষয়ে ২৫ সেপ্টেম্বর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে দলের বর্ধিত সভায় সিদ্ধান্ত হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এলডিপি নেতৃবৃন্দের বৈঠক শুরু হয় মঙ্গলবার বিকাল পৌনে ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে। বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং এলিডিপির সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ ও যুগ্ম মহাসচিব সাহাদাৎ হোসেন সেলিমও এ বৈঠকে উপস্থিত ছিলেন। প্রায় এক ঘণ্টার এ বৈঠকে দুই দলের মহাসচিব দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সরকার বিরোধী আন্দোলনের কর্মকৌশল নিয়ে মতবিনিময় করেন বলে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "দুই দলের মধ্যে ফলোপ্রসূ আলোচনা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বরের খালেদা জিয়ার জনসভায় এলডিপি যোগ দেবে বলে আমরা আশা করছি।" "আগামীতে আরও আলোচনা করে আমাদের মধ্যে একটি বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে", যোগ করেন তিনি। বর্তমান মহাজোট সরকারের সময়ে এলডিপির সঙ্গে এটি বিএনপির তৃতীয় বৈঠক। প্রথম বৈঠকটি হয় ২০ জুলাই এলডিপির সভাপতি অলি আহমেদের ডিওএইচএস এর বাসায়। এরপর ২৯ অগাস্ট অলি আহমেদ গুলশানে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সরকার বিরোধী আন্দোলনে থাকার ঘোষণা দেন। গত ১৩ জুলাই বিএনপির গণঅনশনে এলডিপি নেতাদের যোগ দেওয়ার মধ্য দিয়ে দল দুটির জোট বাঁধার প্রক্রিয়া গতি পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২০২৫ ঘ.