২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে যুবলীগ পাহারায় থাকবে: মির্জা আজম

বিরোধী দলের ডাকা হরতালের সময় যুবলীগ নেতাকর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে 'পাহারায়' থাকার আহ্বান জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মির্জা আজম বলেছেন, হরতালের নামে যারাই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাবে, তাদের ধরে পুলিশে সোপর্দ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের ডাকা হরতালের সময় যুবলীগ নেতাকর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে 'পাহারায়' থাকার আহ্বান জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মির্জা আজম বলেছেন, হরতালের নামে যারাই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাবে, তাদের ধরে পুলিশে সোপর্দ করতে হবে। মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের এক সমাবেশ থেকে এ আহ্বান জানান জাতীয় সংসদের হুইপ মির্জা আজম। 'ধ্বংসাত্মক রাজনীতির' বিরুদ্ধে যুবলীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয় এই সমাবেশে। জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে এবং বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি। চার দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোটও একই দাবিতে হরতাল পালনের ঘোষণা দিয়েছে। অবশ্য যুবলীগের সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অভিযোগ করেন, তেল-সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে নয়, 'অগ্নিসংযোগ ও লুটপাটকারীদের রক্ষার জন্য' বিএনপিসহ জামায়াত ও সমমনা দলগুলো এই হরতাল ডেকেছে। সোমবার ঢাকা ও চট্টগ্রামে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দলটির শীর্ষ নেতাদের আসামি করে ৯টি মামলা করেছে পুলিশ। এর মধ্যে চার মামলায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ ১৮৩ জনকে মোট ১৯ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। হানিফ দাবি করেন, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুরের ওই ঘটনায় জামায়াতের সঙ্গে বিএনপির নেতা-কর্মীরাও জড়িত ছিলো। 'দেশের উন্নয়ন ব্যাহত করতে এবং তারেক-কোকো ও যুদ্ধাপরাধীদের বিচার রুখতেই' এ ঘটনা ঘটানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "ভিডিও ফুটেজ দেখে হামলায় জড়িত অনেককেই সনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" মির্জা আজম ঘোষণা দেন, বিএনপি-জামায়াতের এই 'ধ্বংসাত্মক রাজনীতির' প্রতিবাদে যুবলীগ মাসব্যাপী কর্মসূচি পালন করবে। বুধবার থেকে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ সমাবেশ করবে যুবলীগ। ২৪ সেপ্টেম্বর সব জেলায় এবং ২৬ সেপ্টেম্বর সব উপজেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। সংগঠনের যেসব শাখা এই কর্মসূচি পালনে 'ব্যর্থ' হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন মির্জা আজম। সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে যুবলীগ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২০৪০ ঘ.