ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিজয়নগরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ ১৮৩ জনকে চারটি মামলায় মোট ১৯ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
এদের মধ্যে সংগ্রাম সম্পাদক আবুল আসাদও রয়েছেন।
রাজধানীর পল্টন ও রমনা থানা পুলিশের আবেদনে মহানগর হাকিম সুনন্দ বাগচি মঙ্গলবার বিকেলে এই আদেশ দেন।
সোমবার ঢাকা ও চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াত ও শিবির কর্মীদের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের গাড়িসহ অন্তত ১৫টি বাহনে আগুন এবং ২৫টি গাড়ি ভাংচুর হয়।
এ ঘটনায় জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতা ও গ্রেপ্তারকৃতদের আসামি করে ঢাকা ও চট্টগ্রমে মোট ৯টি মামলা করেছে পুলিশ। এর মধ্যে ঢাকার রমনা থানায় ছয়টি এবং পল্টন থানায় দুটি মামলা হয়। এ ছাড়া চট্টগ্রামের পাঁচলাইশ থানায় হয়েছে একটি মামলা।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা) মাসুদুর রহমান জানান, দ্রুত বিচার আইনে করা এ সব মামলায় জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক তাসনীম আলম, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর আমির রফিকুল ইসলামকেও আসামি করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
সোমবার সংঘর্ষের পরপরই এ টি এম আজহারুল ও জামায়াতের প্রচার সম্পাদক তাসনীম আলমসহ তিন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর রাতভর অভিযান চালায় র্যাব ও পুলিশ।
গোয়েন্দা কর্মকর্তা মাসুদ জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকায় ২৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পল্টন থানার দুটি মামলায় ১০ দিন ও দ্রুত বিচার আইনের মামলায় ১০ দিন করে হেফাজতের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান। শুনানি শেষে বিচারক ফৌজদারি আইনের মামলায় ৫ দিন এবং দ্রুত বিচার আইনের মামলায় ৫ দিন হেফাজত মঞ্জুর করেন।
এ ছাড়া রমনা থানায় দায়ের করা ফৌজদারি আইনের মামলায় ১০ দিন এবং দ্রুত বিচার আইনের মামলায় ৫ দিন করে হেফাজতে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. জাফর আলী। বিচারক ফৌজদারি আইনের মামলায় ৬ দিন ও দ্রুত বিচার আইনের মামলায় ৩ দিনের হেফাজত মঞ্জুর করেন।
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে নিয়ে আসা হয়। এ সময় আদালত প্রাঙ্গণ থেকে আসামিদের দেখতে আসা কয়েকজন জামায়াত শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়।
দুই মামলার রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা প্রকাশ্য রাস্তায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ ও জনসাধারণের জানমালের ক্ষতি সাধন করেছে। কার বা কাদের ইন্ধনে অনৈতিক দাবি ও সরকারের বিরুদ্ধে শ্লোগান দিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনের গতিরোধ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এলাকায় আতংক ও ত্রাস সৃষ্টি করে তা উদঘাটনসহ পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহপূর্বক, বিস্ফোরিত বোমার উৎস সম্পর্কিত তথ্য উদঘাটনে আসামিদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ রিমান্ড প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া, ইকবাল হোসেন, মশিউল আলম, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামানসহ অন্যান্য আইনজীবীরা শুনানির এক পর্যায়ে আদালত বর্জন করেন।
তারা সাংবাদিকদের জানান, হাকিম সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছেন। তাদের কোনো বক্তব্য শোনেননি, কোনো বক্তব্য দেওয়ার সুযোগ দেননি। আসামিদের অনুপস্থিতিতেই হেফাজত আবেদনের শুনানি করে রাষ্ট্রপক্ষ।
শুনানির সময় দুইপক্ষের মধ্যে তুমুল হৈ চৈ হয়। বিচারক দুইবার তার আসন ছেড়ে খাসকামরায় চলে যান। রিমান্ড শুনানির সময় আসামিদের কোর্ট হাজত থেকে এজলাসে না তুললে শুনানিতে অচলাবস্থার সৃষ্টি হয়। পরে আসামি পক্ষের তুমুল দাবির মুখে বাধ্য হয়ে বিচারক কোর্ট হাজত থেকে অধিকাংশ আসামিকে এনে এজলাসের সামনের বারান্দায় দাঁড় করানো হয়। এর আগেই কাঠগড়ায় হাজির করা হয় আজহারুল, তাসনিম এবং ইজ্জতকে।
আসামিপক্ষ দাবি করে তারা অসুস্থ, তাদের চেয়ারে বসতে দেওয়া হোক। পরে বিচারক তাদের চেয়ারে বসার অনুমতি দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, খোন্দকার আব্দুল মান্নান, শাহালম তালুকদার, আবুল কালাম আজাদ, গাজী শাহ আলমপ্রমুখ ।
পিবি/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এএল/২০৩৩ ঘ.
bdnews24