২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি প্রতিমন্ত্রী বললেন, হরতাল অযৌক্তিক

জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা হরতালকে 'অযৌক্তিক' বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 08:37 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা হরতালকে 'অযৌক্তিক' বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপিসহ তাদের জোটসঙ্গীরাও। মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, "জনগণকে কষ্ট দেওয়ার জন্য বিরোধীদল এ হরতাল আহ্বান করেছে। এতে দেশের যে আর্থিক ক্ষতি হবে তা কি বিরোধী দল ভেবেছে।" সরকার সার্বিক বিষয় বিবেচনা করেই জ্বালানির দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার দর অপরিবর্তিত থাকলে দেশের অভ্যন্তরে আগের মূল্যে তেল বিক্রয় করলে চলতি ২০১১-১২ অর্থবছরে সরকারকে লোকসান হবে প্রায় ১৮ হাজার কোটি টাকা।" এ কারণে তেলের দাম বাড়াতে হয়েছে। পাশাপাশি গণপরিবহনে একই ধরনের ভাড়া নির্ধারণের জন্য সিএনজির দাম বাড়ানো হয়েছে বলেন তিনি। এর আগে সৌর শক্তির উন্নয়ন শীর্ষক একটি কর্মশালায় বক্তব্য রাখেন তিনি। যৌথভাবে এটি আয়োজন করে বিদ্যুৎ বিভাগ এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য সরকার সৌর শক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী কর্মশালায় বলেন, ২০১৫ সালের মধ্যে সৌর শক্তির মাধ্যমে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সৌর শক্তি থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। এছাড়া আরো ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সৌর শক্তির ব্যবহার করে সারাদেশকে তথ্য প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। "দেশের সব অঞ্চলে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি তাই বলে তো উন্নয়ন ও আধুনিকায়ন বন্ধ থাকতে পারে না," বলেন তিনি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়ে তৌফিক বলেন, জীবাশ্ম জ্বালানি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এ জন্য নবায়নযোগ্য জ্বালানি বেশি করে ব্যবহার করা যায় এমন প্রযুক্তি খুঁজে বের করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৬১০ ঘ.