২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে আরো ৫১ জামায়াত নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়া, রাজবাড়ী, নরসিংদী, কিশোরগঞ্জ, মৌলভীবাজারে অভিযান চালিয়ে জামায়াত ইসলামীর আরো ৫১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 08:34 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া, রাজবাড়ী, নরসিংদী, কিশোরগঞ্জ, মৌলভীবাজারে অভিযান চালিয়ে জামায়াত ইসলামীর আরো ৫১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বগুড়ায় চার, রাজবাড়ীতে সাত, নরসিংদীতে ১০, কিশোরগঞ্জে সাত এবং মৌলভীবাজার থেকে ২৩ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদের মঙ্গলবার বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়। যুদ্ধাপারাধীদের বিচারে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল বাতিল এবং আটক নেতাদের মুক্তি দাবিতে দলটি সোমবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। ওই মিছিল থেকে ওইদিন সারাদেশ থেকে প্রায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ বগুড়া: সদর থানার ওসি খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, মঙ্গলবার প্রথম প্রহরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এরা গত ৭ জুলাই হরতাল চলাকালে ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি। গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা হলেন- শহর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাজেদুর রহমান জুয়েল, শহর শিবিরের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, জামায়াত কর্মী ডা. আব্দুস সামাদ ও মেহেদী হাসান খাঁন। রাজবাড়ী : বিশৃঙ্ঘলা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে চার উপজেলা থেকে সাত জামায়াত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা হলেন- রাজবাড়ী জেলা জামাতের রোকন নূর মোহাম্মদ, কলেজ ছাত্র শিবির নেতা হাসানুর রহমান পান্না, পাংশা উপজেলা জামাতের আমীর হারুনুর রশীদ, রোকন মনিরুজ্জামান, বালিয়াকান্দির শিবির কর্মী লোকমান হোসেন ও খালিদ আল মাহদী এবং গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের জামায়াত কর্মী আমীর বাচ্চু সেখ। নরসিংদী : মঙ্গলবার সকালে নরসিংদী শহরের ব্রাহ্মন্দি ও রায়পুরা উপজেলা থেকে ১০ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নরসিংদী সদর মডেল থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, নাশকতা এড়াতে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মাহফুজ ভূঁইয়া, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, শহর শাখার সহ-সভাপতি ইসমাইল হোসেন, জামায়াত কর্মী আবু তাহের, বায়েজিদ, অলিউর রহমান, ইসমাইল মিয়া, পাইকারচর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাইদুর রহমান তারেক এবং রায়পুরা থেকে জামায়াত কর্মী ইদ্রিস ও মোসলেহ উদ্দিন। কিশোরগঞ্জ : মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্র শিবিরের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সদর থানার ওসি মীর মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা ছাত্র শিবিরের নেতা মো. ফরিদ উদ্দিন, খায়রুল ইসলাম, মাহবুবুর রহমান, পাকুন্দিয়া উপজেলার মিজানুর রহমান, আল আমীন, কবীর হোসেন ও আলামীন। তাদেরকে অগাস্ট মাসে দায়ের করা একটি ভাংচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানান ওসি। মৌলভীবাজার : মৌলভীবাজার মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার প্রথম প্রহরে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- নুর হোসেন (১৯), তানিম আহমদ (১৮), মো. সোহেল (২০), তৌফিকুল ইসলাম, তোফাজ্জ্বল আহমদ (১৮), মামুনুর রশীদ (১৮), শামিম আহমদ (১৮), সুমন আহমদ (১৮), শাহিনুর রহমান (১৮), তারেক আহমদ (১৮), এবাদুর রহমান (১৭), তুহিনুর রহমান (১৭), আনোয়ারুল আজিম (২৫), মাসুদ রানা (২৯), আব্দুল হান্নান (২৩), আব্দুল্লাহ আল মামুন (২১), আনোয়ার হোসেন (৩২), রুহুল আমিন (২০), আব্দুর রউফ (২৯), সুলতানুল তারেক (২৩), আশিকুর রহমান (২৯), এনামুল হক চৌধুরী (২৫) ও সাদিকুর রহমান (৪১)। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪২৮ ঘ.