ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা গ্রেপ্তার হওয়ার পর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
সোমবার রাত সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক শুরু। চলে প্রায় পৌনে দুই ঘণ্টা।
বৈঠক শেষে রাত পৌনে ১২টায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুর ১২টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "উদ্ভূত পরিস্থিতি এবং ২৭ সেপ্টেম্বর পল্টন ময়দানে চার দলের জনসভা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।"
মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা এই বৈঠকে অংশ নেন।
বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে সন্ধ্যায় চার দলের শরিক জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক তাসনীম এবং কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ ইজ্জতউল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।
গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার এস এম আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ সদস্যদের ওপর হামলা, গাড়িতে অগ্নি সংযোগ ও ভাঙচুরের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।"
এর আগে বিকেলে বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১৫টিতে আগুন এবং ২৫টি গাড়ি ভাঙচুর করে জামায়াত কর্মীরা।
পল্টন ময়দানে চারদলীয় জোটের ঘোষিত সমাবেশের আট দিন আগে গ্রেপ্তার হলেন জামায়াতের এই তিন শীর্ষ নেতা। ২৭ সেপ্টেম্বর ওই সমাবেশ থেকে খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/০০১৫ ঘ.
bdnews24