ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক তাসনীম আলমসহ দলটির গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করেছে বিএনপি।
সোমবার রাতে এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, ''সব ক্ষেত্রে ব্যর্থ এই সরকার বিরোধী নেতা-কর্মীদের ওপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক তাসনীম আলমকে কোনো কারণ ছাড়া পুলিশ গ্রেপ্তার করেছে।"
"আমরা অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি," যোগ করেন তিনি।
পুলিশ ঢাকাসহ সারাদেশে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালিয়েছে অভিযোগ করে ফখরুল বলেন, রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের হামলা ন্যাক্কারজনক।
সোমবার বিকালে ঢাকা ও চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর কর্মীদের সংঘর্ষ ও ভাঙচুরের পর সন্ধ্যায় আজহারুল ও তাসনীমকে গ্রেপ্তার করে পুলিশ।
বিকালের সংঘর্ষে পুলিশের গাড়িসহ অন্তত ১৫টি বাহনে আগুন এবং ২৫টি গাড়ি ভাঙচুর করে জামায়াত কর্মীরা। এতে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/২৩১৩ ঘ.
bdnews24