চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মুরাদপুরে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় শিবিরকর্মীরা দুটি বাস, একটি প্রাইভেট কারসহ ৮টি গাড়ি ভাঙচুর করে।
সংঘর্ষে আহত হয়েছেন মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ জোনের সহকারী কমিশনারসহ চার পুলিশ সদস্য।
আহতরা হলেন- চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি, পাঁচলাইশ জোন) আবদুল মান্নান, তার দেহরক্ষী কনস্টেবল রিদোয়ান, গাড়ি চালক আশরাফ এবং পাঁচলাইশ থানার এসআই মো. আক্তার।
সিএমপি'র গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরুতর আহত এসি আবদুল মান্নানকে নগরীর প্রবর্তক মোড়ের বেসরকারি প্রাইভেট ক্লিনিক সিএসসিআরের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তিনি মাথার পেছনে, কপালে ও ঘাড়ে আঘাত পেয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জামায়াত- শিবির নেতাকর্মীরা ওই এলাকায় কয়েকটি বাস, দুটি প্রাইভেটকার, তিনটি সিএনজি চালিত অটোরিকশা ও এসি পাঁচলাইশকে বহনকারী জিপসহ প্রায় ১৫টি গাড়ি ভাঙচুর করে।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল পৌনে পাঁচটার দিকে মুরাদপুরে মোড়ের আইল্যান্ডে দাঁঁিড়য়ে শিবিরকর্মীরা স্লোগান দিলে বিভিন্ন স্থান থেকে প্রায় হাজার খানেক নেতাকর্মী বের হয়ে মিছিল শুরু হরে। এ সময় টহল পুলিশ বাধা দিলে শিবিরকর্মীরা তাদের ওপর চড়াও হয় এবং যানবাহন ভাঙচুর শুরু করে। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন এসি আবদুল মান্নান। এসময় নেতাকর্মীদের ছোড়া ইটে মাথায় আঘাত পান মান্নান।
এসি মান্নানকে রক্ষায় এগিয়ে এলে তার গাড়ির চালক, দেহরক্ষী ও এসআই আক্তারকেও মারধর করা হয়।
গোয়েন্দা পুলিশের এসি আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামে একযোগে পুলিশের ওপর হামলায় প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা পরিকল্পিত ভাবেই এ ঘটনা ঘটিয়েছে।
এ হামলা ও ভাঙচুরের ঘটনায় নগরীর পাঁচলাইশ থানার বিভিন্ন এলাকা থেকে মোট ২৬ জনকে আটক করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় ২৬ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিডিএ এভিনিউ সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও তীব্র যানজট শুরু হয়।
এ বিষয়ে নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় পুলিশ নগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি আহমেদ জাহেদুল আলমকে লাঞ্ছিত করলে কর্মীরা উত্তেজিত হয়ে পড়ে।
তবে এসি মান্নানের ওপর হামলার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন তিনি।
পুলিশ জানিয়েছে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল/২২০৩ ঘ.
bdnews24