ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে থাকবে কল্যাণ পার্টি। দলিট বিএনপির চলতি মাসের পল্টন জনসভায়ও যোগ দেবে।
রোরবার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর কল্যাণ পার্টির চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালসহ দেশের সংকট সমাধানে বিএনপির আন্দোলনের সঙ্গে আমরা যুগপৎভাবে থাকব।"
একই সঙ্গে তিনি জানান, আগামী ২৭ সেপ্টেম্বর পল্টন ময়দানে চারদলীয় জোটের ঘোষিত জনসভায় যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছের তারা।
ইবরাহিম বলেন, "আমরা ওই জনসভায় দলীয়ভাবে যোগ দেব।"
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আন্দোলন শক্তিশালী করতে সমমনা দলগুলোকে পাশে পাওয়ার চেষ্টা করছে বিএনপি।
ইতিমধ্যে বিকল্পধারা বাংলাদেশ বিএনপির সঙ্গে থাকবে বলে ঘোষণা দিয়েছে। তবে 'কঠিন কর্মসূচিতে' তারা বিএনপির সঙ্গে থাকবে বলেও জানিয়েছে।
গত ৩০ জুন সংবিধান সংশোধনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। এর আগে সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে।
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রোববার রাত সাড়ে ৮টায় কল্যাণ পার্টির চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
পরে দলটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক খালেদা জিয়ার সঙ্গে পৌনে এক ঘণ্টা একান্ত বৈঠক করেন।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কল্যাণ পার্টির সেক্রেটারি জেনারেল আবদুল মালেক উপস্থিত ছিলেন।
সাক্ষাতের পর জেনারেল ইবরাহিম তার লেখা 'শিশুদের জিয়া-২০০২', পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রক্রিয়া-২০০১' ও 'মিশ্র কথন-২০১১'- এই তিনটি বই খালেদা জিয়াকে উপহার দেন।
গত ২৭ জুলাই মহাখালীর ডিওএইচএস-এ কল্যাণ পার্টির কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কল্যাণ পার্টির প্রথম বৈঠক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩৩১ ঘ.
bdnews24