ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরিকদের সঙ্গে নিয়েই ২৭ সেপ্টেম্বর রাজধানীর পল্টন ময়দানে জনসভা করবে বিএনপি। দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ওই জনসভা থেকে সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০০৮ এর ডিসেম্বরে নেতৃত্বাধীন চারদলীয় জোটের ভরাডুবির পর এটিই হবে বিএনপি ও শরিকদের একসঙ্গে প্রথম জনসভা। খালেদা জিয়া বিভিন্ন সময়ে শরিক দলগুলোর নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠক করলেও ২০০৯ থেকে কোনো জনসভায় তারা একমঞ্চে আসেননি।
রোববার দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "দেশ ও জনগণকে রক্ষায় এই জুলুমবাজ ও অত্যাচারী সরকারের পতন জরুরি হয়ে পড়েছে। আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি। এই দাবির সমর্থনে আগামী ২৭ সেপ্টেম্বর দুপুর ২টায় চার দলীয় জোটের উদ্যোগে পল্টন ময়দানে জনসভা হবে।"
এর আগে গত বৃহস্পতিবার মহানগর বিএনপির যৌথসভার পর জানানো হয়েছিল, বিএনপির উদ্যোগে ২৭ সেপ্টেম্বর পল্টন ময়দানে জনসভা হবে।
মির্জা ফখরুল রোববার বলেন, পল্টন ময়দানের জনসভায় প্রধান অতিথি থাকবেন খালেদা জিয়া। তিনিই সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা করবেন।
জনসভায় অংশ নেওয়ার জন্য সবার আহবান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
বিএনপি পল্টন ময়দানের জনসভা করার অনুমতি পেয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, "আমরা মাঠের জন্য অনুমতি চেয়েছি। কিন্তু সরকার এখনো অনুমতি দেয়নি।"
শেষ পর্যন্ত অনুমতি পাওয়া না গেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই জনসভা হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তিনি।
ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ ঢাকায় জনসভা করার স্থানগুলোকে পরিকল্পিতভাবে বন্ধ করে দিচ্ছে।
"১৯৯৬ সালে তারা মানিক মিয়া এভিনিউয়ের মাঝখানে ডিভাইডার দিয়ে জনসভা করা বন্ধ করে দেয়। এবার তারা মুক্তাঙ্গন বন্ধ করেছে। পল্টন ময়দানকে এমন করেছে যাতে সেখানেও জনসভা করা না যায়। এভাবে আওয়ামী লীগ গণতন্ত্র চর্চার সব পথ বন্ধ করে দিচ্ছে।"
অন্যদের মধ্যে বিএনপির সহ সভাপতি সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩৫১ ঘ.
bdnews24