ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনে বিএনপির পাশে থাকলেও 'কঠিন কর্মসূচিতে' সম্পৃক্ত থাকবে না বিকল্পধারা।
বিএনপির সঙ্গে বৈঠকের পর শনিবার রাতে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান এক যৌথ সংবাদ সম্মেলনে দলের এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, "রাষ্ট্র পরিচালনায় সরকার সব দিক থেকে পুরোপুরি ব্যর্থ। দেশের অবস্থা নাজুক। এরকম পরিস্থিতিতে আমরা মনে করি, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নতুন সরকার গঠন করার পথ উন্মোচন করতে হবে। এই লক্ষ্যে আমরা বিএনপির সঙ্গে থাকব, তাদের কর্মসূচিকে সমর্থনও জানাব।"
"একই সঙ্গে জনগণের দুর্ভোগ হয়, এমন কোনো কঠিন কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত থাকবে না বিকল্পধারা।"
গত ২৯ অগাস্ট বারিধারায় বিকল্পধারার চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মিয়ামি-জি অ্যাপার্টমেন্টের বাসায় মাহী বি চৌধুরীসহ নেতাদের সঙ্গে মির্জা ফখরুলের একটি বৈঠক হয়। সেই বৈঠকে আবদুল মান্নান ছিলেন না।
ওই বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বিএনপির নেতৃত্বে আন্দোলন করার নীতিগত সিদ্ধান্তের কথা জানান মাহী বি চৌধুরী।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে দুই দলের মহাসচিব রুদ্ধদ্বার বৈঠকে হয়। চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ছিলেন।
বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, সরকারের ব্যর্থতা ও নতাজানু পররাষ্ট্র নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
যৌথ সংবাদ ব্রিফিঙে মির্জা ফখরুল বলেন, "বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আন্দোলন করতে আমরা দুই দল একমত হয়েছি। ভবিষ্যতে আমাদের মধ্যে আরও আলোচনা হবে।"
গত ৩০ জুন সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। এর আগে এ ব্যবস্থা বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্ট।
তখন থেকেই এর বিরোধিতা করে আসছিল বিএনপি ও তার সমমনা দলগুলো। বিএনপি ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে হরতালও পালন করেছে।
বিকল্পধারার মহাসচিব মান্নান বলেন, "আমরা মনে করি এ সরকারের পদত্যাগ করে দ্রুত চলে যাওয়া উচিত। আগামী আড়াই বছর এই সরকার ক্ষমতায় থাকলে দেশের কী অবস্থা হবে তা জানি না।"
দেশ পরিচালনায় মহাজোট সরকার বিরোধী দলের কোনো সহযোগিতা নেয়নি বলে মন্তব্য করেন তিনি।
"নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়াকে বিনষ্ট করেছে।"
তিনি বলেন, "আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই বিকল্পধারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না।"
এক প্রশ্নের জবাবে মান্নান জানান, বিকল্পধারা হরতাল-ঘেরাওয়ের মতো কঠিন কর্মসূচির বিপক্ষে। ওইরকম কর্মসূচির সঙ্গে তারা থাকবেন না।
"তবে সরকার হঠাতে দেশের মানুষের চাহিদা অনুযায়ী যেসব কর্মসূচি বিএনপি দেবে তার প্রতি সমর্থন থাকবে।"
আগামী ২৭ সেপ্টেম্বর বিএনপির জনসভায় বিকল্পধারা যোগ দেবে কি না জানতে চাইলে মান্নান বলেন, "দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
গত ১২ জুলাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে তার বারিধারার এই বাসায় সাক্ষাৎ করেন।
পরদিন রমনায় বিএনপির গণঅনশন কর্মসূচিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে মির্জা ফখরুল সেখানে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩০৭ ঘ.
bdnews24