ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রণালয়ের কার্যক্রম খতিয়ে দেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাদের প্রতিবেদন প্রকাশ করতে পারবে বলে জানিয়েছেন যোগযোগমন্ত্রী আবুল হোসেন।
আবুল হোসেনের সততা নিয়ে প্রশ্ন তোলা মার্কিন তারাবার্তা উইকিলিকস প্রকাশের পর মঙ্গলবার মন্ত্রণালয়ের কার্যক্রম খতিয়ে দেখতে টিআইবিকে চিঠি দেন যোগাযোগমন্ত্রী; যদিও তিনি বলে আসছেন, তিনি দুর্নীতিমুক্ত এবং এ বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন।
এদিকে যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম খতিয়ে দেখতে সম্ভাব্য কর্মপরিধি ঠিক করে কাজ করা হবে বলে বুধবার মন্ত্রীকে ফিরতি চিঠিতে জানিয়েছে টিআইবি।
মন্ত্রী বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম খতিয়ে দেখতে টিআইবিকে সব ধরনের সহযোগিতা করা হবে।
টিআইবিকে মন্ত্রণালয়ের সব কাগজপত্র দেখানো হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, তিন সচিবকে ইতোমধ্যেই এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
কেন এ উদ্যোগ নেওয়া হলো সাংবাদিকেদের এ প্রশ্নে আবুল হোসেনের উত্তর- "আমার পর্যায়ে যেসব সিদ্ধান্ত নিষ্পত্তি হয় এবং প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন হয় আমি সেগুলো স্বচ্ছতা ও সততার সঙ্গে করার চেষ্টা করি। এরপরও গনমাধ্যমে কিছু কিছু মন্তব্য ও রিপোর্ট এসেছে। আমি মনে করি, টিআইবি তা পর্যালোচনা করতে পারে।"
"টিআইবি যদি নিরপেক্ষভাবে কাজ করে তবে মন্ত্রণালয়ের অধীনস্তরা সতর্ক থাকবে। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণও সহজ হবে," যোগ করেন তিনি।
নিজের স্বচ্ছতার বিষয়ে নিশ্চিত দাবি করলেও সব কর্মকর্তা-কর্মচারীর স্বচ্ছতা একার পক্ষে নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন মন্ত্রী।
এদিকে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান স্বাক্ষরিত আবুল হোসেনকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, "টিআইবি ট্রাস্টি বোর্ডের নির্দেশ ও আমাদের কর্মপরিধির পরিপ্রেক্ষিতে আপনার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে উভয় পক্ষের নিকট গ্রহণযোগ্য সম্ভাব্য কর্মপরিধির ভিত্তিতে অগ্রসর হতে টিআইবি একান্ত প্রচেষ্টা করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসএইচএ/এমআই/১৫০৫ ঘ.
bdnews24