ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের কর্মসূচি নিয়ে জোটের শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
সোমবার রাত সোয়া ৯টায় এই বৈঠক শুরু হয়েছে চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিসের নেতারা অংশ নিচ্ছেন।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক, মহাসচিব আহমেদ আবদুল কাদের এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন।
শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে আন্দোলনের সম্ভাব্য কর্মসূচি চূড়ান্ত করেন খালেদা জিয়া।
ওই বৈঠকের পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, "২/১ দিনের মধ্যে শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করে কর্মসূচি ঘোষণা করা হবে।"
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে বিএনপি তার শরিক দলগুলোকে নিয়ে একসঙ্গে আন্দোলন করবে বলে ওই বৈঠকে সিদ্ধান্ত হয়।
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে গত ১০ মে রায় দেয় আপিল বিভাগ। গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
বিএনপি শুরু থেকে এর বিরোধিতা করে আসছে। এ ব্যবস্থা পুনবর্হালের দাবিতে দলটি ইতিমধ্যে হরতালও পালন করেছে। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক দলগুলো সংবিধান থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' তুলে দেওয়ার প্রতিবাদে হরতাল পালন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৪৩ ঘ.
bdnews24